নারীর ফ্যাটি লিভার নিয়ে অবাক করা তথ্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পুরুষের তুলনায় নারীর ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা অনেক কম। মদপান করলে লিভারের ক্ষতি হয়, সে তথ্য নতুন নয়। কিন্তু যারা জীবনে মদ ছুঁয়েও দেখেননি, তাদের মধ্যেও লিভারের অসুখ এখন প্রায় মহামারির রূপ ধারণ করেছে।
চিকিৎসকের পরিভাষায়— নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)। এবার সেই অসুখের ক্ষেত্রে উঠে এলো লিঙ্গবৈষম্যের তত্ত্বও। সম্প্রতি সুইডেনের একটি গবেষণায় জানা গেছে, নারীর এ সুরক্ষার নেপথ্যে রয়েছে ইস্ট্রোজেন হরমোনের বর্ম। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘মলিকিউলার সিস্টেমস বায়োলজি’ জার্নালে।
চিকিৎসকরা বলছেন, বিশ্বজুড়ে ওবেসিটির বাড়বাড়ন্তের মধ্যে ফ্যাটি লিভার ও লিভার ক্যানসার প্রতিরোধের নতুন ওষুধ তৈরির দিশাও দেখাতে পারে এ গবেষণা। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজি এবং টিউমার অ্যান্ড সেল বায়োলজি বিভাগের প্রকল্পের মুখ্য গবেষক ক্লডিয়া কাটারের বলেছেন, ‘মেনোপজ বা রজনিবৃত্তি পর্যন্ত নারীর ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা তুলনামূলক কম। কারণ ততদিন তাদের শরীরে ইস্ট্রোজেনের অভাব থাকে না।’
ক্লডিয়া কাটারের গবেষণাটি মূলত ইঁদুরের ওপরে ছিল। উচ্চ ফ্যাটযুক্ত খাবার খাইয়ে ইঁদুরগুলোকে স্থূল করে তোলার পর দেখা যায়, অধিকাংশ পুরুষ ইঁদুরই ফ্যাটি লিভারের শিকার হয়েছে। পরে তাদের শরীরে ইস্ট্রোজেন ইনজেকশন দিয়ে দেখা গেছে, ধীরে ধীরে লিভারে জমা চর্বির পরিমাণ কমছে।
গবেষণায় উঠে এসেছে, টিইএডি-১ নামে একটি প্রোটিন লিভারে চর্বি জমতে বাধা দেয়। স্থূলতার ক্ষেত্রে এ প্রোটিনের কার্যকারিতা কমে যায়। ইস্ট্রোজেন আবার সেই প্রোটিনকে সক্রিয় করে তোলে। গবেষকদের আশা— এই সূত্র ধরেই ভবিষ্যতে ফ্যাটি লিভারের নতুন চিকিৎসা আবিষ্কার সম্ভব হতে পারে।
হেপাটোলজি বিশেষজ্ঞ অভিজিৎ চৌধুরী ও গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সুজয় মৈত্র জানাচ্ছেন, এশিয়াতেও নারীর তুলনায় পুরুষের মধ্যে ফ্যাটি লিভারের নজির বেশি। নতুন গবেষণা তার সম্ভাব্য কারণ বুঝতে সাহায্য করছে। তবে ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিক থাকলেই সুরক্ষা মেলে— এমন নয়। দীর্ঘ দিন হরমোনটির মাত্রা স্বাভাবিক ঊর্ধ্বসীমার বেশি থাকলে ওবেসিটি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাতে ফ্যাটি লিভারের আশঙ্কাও বাড়ে।
ফ্যাটি লিভারের বিপদ হলো— অধিকাংশ ক্ষেত্রেই রোগী বুঝতেই পারেন না যে, তার লিভারে চর্বি জমছে। কখনো অকারণে অতিরিক্ত ক্লান্তি, কখনো ডান দিকের উপরের পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে।
চিকিৎসকদের সতর্কবার্তা— দীর্ঘ দিন অবহেলা করলে লিভারে প্রদাহ ও ফাইব্রোসিস বা লিভারের স্বাভাবিক স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে সিরোসিস— এমনকি লিভার ফেলিওরও হতে পারে। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারও লিভার ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ।
তাই মদপান, ভুঁড়ি, ওবেসিটি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের সমস্যা থাকলে নিয়মিত লিভারের পরীক্ষা জরুরি।
চিকিৎসকদের পরামর্শ, বছরে অন্তত একবার লিভার ফাংশন টেস্ট করানো উচিত। রক্ত পরীক্ষায় এসজিপিটি ও এসজিওটি নামে দুটি উৎসেচকের মাত্রা বেড়ে গেলে সতর্ক হতে হবে। প্রয়োজন হলে আল্ট্রাসোনোগ্রাফি— এমনকি ফাইব্রোস্ক্যানের মতো পরীক্ষাও করাতে হয়। আরও নিখুঁতভাবে লিভারে চর্বির পরিমাণ জানতে এমআরআই-ভিত্তিক পিডিএফএফ পরীক্ষার সাহায্য নেওয়া যায়।
ফ্যাটি লিভার ধরা পড়লে আতঙ্কিত না হয়ে জীবনযাত্রা বদলানোই প্রথম পদক্ষেপ। প্রতিদিন অন্তত ২০ মিনিট জোরে হাঁটা, শরীরচর্চা ও কায়িক পরিশ্রমের পাশাপাশি ওজন কমানো জরুরি। নিয়ন্ত্রণে রাখতে হবে সুগার, প্রেশার ও কোলেস্টেরল। খাবারে ভাজাভুজি, অতিরিক্ত তেল-মসলা, মিষ্টি, চিনি, ময়দা ও রেড মিট কমিয়ে শাকসবজি, ফল, সালাদ ও দই বাড়াতে হবে। মদপান এড়িয়ে চলাই এ ক্ষেত্রে ভালো।
