সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
সন্তান কোলে কেনীয় নারী ওয়ানজা মুথোনি। ছবি: নিউইয়র্ক টাইমস
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় কেনিয়ার এক নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই শাস্তির নিন্দা জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো একে ‘সহিংসতার ঘটনা’ আখ্যা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইনব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হয়। তবে এ ধরনের অপরাধে পুরুষের তুলনায় নারীরাই অসমভাবে বেশি শাস্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।
সৌদি আরবে অবিবাহিত অনেক নারী সন্তান জন্ম দিলেও কেনিয়ার এই নারীর ঘটনা সামনে এসেছে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার কারণে। দেশটিতে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার ঘটনা কর্তৃপক্ষকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার ভাষ্য, ‘তাদের অধিকাংশই বাড়িতে সন্তান জন্ম দেন। এ কারণে তাদের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয় না।’
সাজাপ্রাপ্ত ওই নারীর নাম এসথার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হন বলে জানা গেছে। ওই নারীর ভাষ্য, সন্তানের বাবা এরই মধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
২০২৪ সালে দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের কারণে গ্রেফতারের ভয়ে সন্তানের বাবারা চলে যাওয়ায় সৌদি আরবে কেনিয়ার বেশ কয়েকজন অবিবাহিত মা অসহায় অবস্থায় পড়েছেন।
গত মাসে দেওয়া রায়ের পর মুথোনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ১০০ বেত্রাঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভীত। তিনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে ওই সংস্কার শুধু ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এসব অপরাধে বিচারকেরা শাস্তি নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা পান।
২০২১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে আলকুস্ত জানায়, বেত্রাঘাতের অধিকাংশ সাজা তাজির অপরাধের আওতায় পড়লেও ইসলামী আইনে নির্ধারিত শাস্তি বা ‘হুদুদ’ অপরাধের ক্ষেত্রে এটি বহাল ছিল। মদ্যপান ও ব্যভিচারের মতো অপরাধে বেত্রাঘাত তখনো সম্ভাব্য শাস্তি হিসেবে রয়ে যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

