নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে বয়কট করছেন ক্রেতারা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই দোকানি।
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন ওই দোকানি। তার মুখের গড়নের সঙ্গে নেতানিয়াহুর চেহারার বেশ মিল থাকায় সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই নেতানিয়াহুর সঙ্গে ওই দোকানির চেহারার তুলনা শুরু করেন অনেকে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এর নেতিবাচক প্রভাব পড়েছে তার ব্যবসায়। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল শনাক্ত করার পর ক্রেতারা তার দোকানে আসা এবং পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতি নিয়ে ওই দোকানি বলেন, নেতানিয়াহুর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে চেহারার মিল থাকায় তিনি চরম মানসিক অস্বস্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এখন আর ক্রেতারা তার দোকানে আসেন না। পুরো পরিস্থিতিকে অত্যন্ত কষ্টদায়ক বলে বর্ণনা করেন তিনি।
ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। দুই দেশের রাজনৈতিক বিরোধের প্রভাব তেহরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যেও ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

