পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: এপি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি মুহাম্মদ রাজা দারসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারিক আদালতে হাজির হয়ে আট আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন।
আদালতের কর্মকর্তা জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফাকত আলী গন্ডাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ৯ ডিসেম্বর থেকে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। এদিন রাষ্ট্রপক্ষকে সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
আট আসামিই বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে রাজা দারের পারিবারিক সম্পর্ক থাকায় মামলাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
এর কয়েক দিন আগে পাঞ্জাব পুলিশ মামলার অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। ওই প্রতিবেদনে রাজা দারসহ পাঁচজনকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, মামলার প্রধান অভিযুক্তদের একজনের কর্মচারী হিসেবে পরিচিত অন্য তিনজনের বিরুদ্ধে ওই দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। রাজা দারসহ বাকি পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।
দুই বিদেশি নারীর সঙ্গে কী ঘটেছিল
ভুক্তভোগী দুই নারীর একজন নেদারল্যান্ডসের এবং অন্যজন ভেনেজুয়েলার নাগরিক। ব্যবসায়িক কাজে গত জুনে তারা পাকিস্তানে যান। অভিযোগ অনুযায়ী, ২৯ জুন তাদের অপহরণ করে লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। রাজা দারের কাছে পাওনা টাকা পরিশোধের জন্য তাদের চাপ দেওয়া হয়।
পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়। পরে তারা তাকে নিজেদের ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। প্রাথমিক বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার পর রাজা দার আরও পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেন বলে অভিযোগ রয়েছে।
তবে পরবর্তী সময়ে ওই দুই নারী আর কোনো মুনাফা দিতে বা বিনিয়োগের অর্থ ফেরত দিতে পারেননি বলে অভিযোগ করেন রাজা দার। এরপর অন্য এক বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার কথা বলে তাদের পাকিস্তানে আমন্ত্রণ জানান তিনি।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, প্রথমে ওই দুই নারী ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করেন। পরে তারা পর্যটনকেন্দ্র মুরিতে যান। সেখান থেকে তাদের লাহোরের একটি বাসায় নেওয়া হয়।
তদন্তকারীদের অভিযোগ, সেখানে তাদের অপহরণ করে জোরপূর্বক প্রায় ১৯ হাজার ৫০০ ডলার স্থানান্তরে বাধ্য করা হয়। অস্ত্রধারীরা তাদের পাহারা দিতেন। এ সময় ছুরি, বন্দুক ও ভাঙা আয়না দিয়ে তাদের ভয় দেখানো হয়। দাবি পূরণ না হলে হত্যা এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
যেভাবে পালিয়ে বাঁচেন দুই নারী
গত ১ জুলাই দুই নারীকে লাহোর বিমানবন্দরে নেওয়ার পথে ভাট্টা চকের কাছে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তারা চিৎকার করে সাহায্য চাইলে এক জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় বলে পরিচিত অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
তাদের পরীক্ষা করা হয় এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ডিএনএ, আঙুলের ছাপ ও পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। তবে অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।
তদন্তকারীদের দাবি, দুই নারীর কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে নেওয়া ৪৩ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ফোন ও অপরাধে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি গাড়িও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেফতারের পর জামিন চেয়ে করা তিন আসামির আবেদনেরও শুনানি চলছে আদালতে। বুধবার এসব আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ সুযোগ দিয়েছেন বিচারক রফাকত আলী গন্ডাল। অন্যথায় মামলার নথিতে থাকা তথ্যের ভিত্তিতেই জামিন আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
জবানবন্দি রেকর্ড করার পর গত ৩ জুলাই পাকিস্তান ছাড়েন ওই দুই নারী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


