পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ন্যাটালি বেকার। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এই নিয়োগ চূড়ান্ত হওয়ার জন্য কেবল মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ন্যাটালি বেকার বর্তমানে পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম দায়িত্ব ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে এই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।
তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কাজ করেন।
পরবর্তীতে তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। বিশেষ করে, ২০১১ সালের লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন।
এ ছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে।
বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করল ট্রাম্প। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের মার্কিন মিশনের দায়িত্ব নেবেন।

