আলজেরিয়া থেকে এলএনজি সার আমদানির উদ্যোগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি পর্যায়ে (জি-টু-জি) আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই পক্ষ মনে করে, এলএনজি ও সার আমদানির উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার দেশের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে পারে। পাশাপাশি ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্য তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।
বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আদালতের নিয়মিত প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন মন্ত্রী এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

