ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস
|
ফলো করুন |
|
|---|---|
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশটির এক ফেডারেল আদালতের বিচারক।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারক এ আদেশ দেন। তবে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের করা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সমর্থকদের উসকানি দিয়েছিলেন, এমন ধারণা তৈরি করে ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে প্রচার করেছিল বিবিসি। এ ঘটনায় যুক্তরাজ্যের সরকারি অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যমটির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফেডারেল আদালতের জেলা বিচারক জেফরি কুন্টজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির অভিযোগ খারিজ করতে অস্বীকৃতি জানান। বিচারকের মতে, বিবিসির সম্পাদিত ভিডিওটি ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর হতে পারে, তা বিবিসি জানত বা জানা উচিত ছিল—এমন অভিযোগ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন ট্রাম্প।
তবে বিচারকের এ আদেশের অর্থ এই নয় যে, ট্রাম্প তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে পেরেছেন।
আদালতের এ সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’
বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী।
এর আগে বিবিসি স্বীকার করেছিল, ভিডিওটির সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি। তবে মানহানির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
গত ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলাটি করেন ট্রাম্প। তার অভিযোগ, বিবিসি তার ভাষণের দুটি পৃথক অংশ জোড়া দিয়ে প্রচার করেছে। এর এক অংশে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে মিছিল নিয়ে যেতে বলেছিলেন। অন্য অংশে বলেছিলেন, ‘সর্বশক্তি দিয়ে লড়াই করো।’ তবে ভাষণের যে অংশে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন, সেটি বাদ দেওয়া হয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্পাদিত ভাষণের ভিডিওটি প্রচার করা হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হন ট্রাম্প।
পরবর্তী সময়ে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে ভিডিও সম্পাদনার বিষয়টিকে সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: রয়টার্স

