বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়, যাকে ওই বিয়ের অভিভাবক ধরা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা, দোয়া, উপহার, এমনকি সামাজিক মর্যাদায়ও তাকে বিশেষ স্থান দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে এই ধারণাটি কতটা ঠিক?
এক ব্যক্তি প্রশ্ন করেন বিয়েতে উকিল বাবা থাকা কি জরুরি, উকিল বাবার সঙ্গে দেখা করা জায়েজ আছে কিনা, তাকে বাবা বলা যাবে?
এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পারিবারিক বন্ধনের বিষয় নয়, বরং একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী বিয়ে সম্পাদন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। অথচ আমাদের সমাজে বিয়েকে ঘিরে এমন কিছু রেওয়াজ গড়ে উঠেছে, যেগুলোর কোনো ভিত্তি নেই—বরং তা অনেক সময় বিদাতের পর্যায়ে পড়ে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো উকিল বাবা রাখা।
তিনি আরও বলেন, ইসলামি শরিয়তে বিয়েতে উকিল বাবা রাখা কোনো জরুরি বিষয় বা আবশ্যকীয় শর্ত নয়, বরং এটি আমাদের সমাজে প্রচলিত একটি সংস্কৃতি বা কুসংস্কার। বিয়ে পড়ানোর জন্য বা ইজাব-কবুল করানোর জন্য মেয়ের অভিভাবক বা তার অনুমতি নিয়ে কোনো প্রতিনিধি (উকিল) থাকতে পারেন, কিন্তু প্রচলিত অর্থে যাকে উকিল বাবা বানানো হয়, তার কোনো ভিত্তি শরিয়তে নেই। নিজের বাবা বা শরিয়ত নির্ধারিত অভিভাবক থাকা অবস্থায় এ ধরনের আলাদা উকিল বাবার কোনো প্রয়োজন নেই।
শায়খ আহামাদুল্লাহ বলেন, যদি উকিল বাবা ব্যক্তিটি আগে থেকেই ওই মেয়ের জন্য মাহরাম (যাদের সঙ্গে বিয়ে হারাম, যেমন: নিজের আসল বাবা, চাচা, মামা ইত্যাদি) না হন, তবে কেবল বিয়েতে উকিল হওয়ার কারণে তিনি মাহরাম হয়ে যান না। তিনি আগের মতোই গায়রে মাহরাম (পরপুরুষ) থাকবেন। ফলে একজন সাধারণ পরপুরুষের সঙ্গে যেভাবে পর্দা করতে হয়, উকিল বাবার সঙ্গেও ঠিক একইভাবে পর্দা করতে হবে এবং তার সঙ্গে অবাধে দেখা করা বা মেলামেশা করা জায়েজ নয়।
তিনি আরও বলেন, না, তাকে বাবা বা বাপ বলে ডাকা শরিয়তের দৃষ্টিতে সঠিক নয়। ইসলামে পালক বা অন্য কাউকে বিনা কারণে বাবা ডাকার ক্ষেত্রে এবং বংশের পরিচয় পালটে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। উকিল হওয়ার কারণে কেউ কারও বাবা হয়ে যায় না।

