দুনিয়ার সংকট ও পরকালে অন্ধত্বে ভুগবে যারা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? কেন মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? পবিত্র কুরআনের ঘোষণা, মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার আনুগত্যের মাধ্যমে জীবন পরিচালনা করা। অথচ দুনিয়ার চাকচিক্য, ধন-সম্পদ, ক্ষমতা, ভোগবিলাস ও ক্ষণস্থায়ী মোহে পড়ে মানুষ অনেক সময় তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, অথচ তার স্মরণ ও বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়।
কিন্তু মানুষ ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর প্রভাব শুধু পরকালেই সীমাবদ্ধ নয়; বরং দুনিয়ার জীবনেও নেমে আসে অস্থিরতা, হতাশা ও অন্তরের সংকীর্ণতা। আর আখিরাতে অপেক্ষা করে কঠিন জবাবদিহি ও লাঞ্ছনাকর পরিণতি। পবিত্র কুরআনের সুরা ত্বাহায় মহান আল্লাহ এমন মানুষদের পরিণতি সম্পর্কে সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন।
আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার ভয়াবহ পরিণতি
আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুধু একটি সাধারণ অবহেলা নয়; বরং এটি মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে মারাত্মক প্রভাব ফেলে। যারা আল্লাহর দেয়া হেদায়েত, কুরআনের বিধান ও তার স্মরণকে অবহেলা করে নিজেদের খেয়াল-খুশিমতো জীবন পরিচালনা করে, তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন—
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنْسَىٰ
‘আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ ও সংকটময় এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব। সে বলবে, ‘হে আমার রব! আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন কেন? অথচ আমি তো দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম!’ আল্লাহ বলবেন, ‘এভাবেই। তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। আজ তোমাকেও সেভাবেই ভুলে যাওয়া হলো।’ (সুরা ত্বাহা: আয়াত ১২৪-১২৬)
এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাঁর স্মরণ থেকে বিমুখ মানুষের দুনিয়া ও আখিরাতের দুটি ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। তাহলো—
প্রথমত: দুনিয়ার জীবন হবে সংকটময়।
দ্বিতীয়ত: কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। অর্থাৎ দুনিয়ায় আল্লাহর হেদায়েত ও নিদর্শনের প্রতি যে অবহেলা প্রদর্শন করেছে, আখিরাতে তার জন্য অপেক্ষা করবে লাঞ্ছনাকর পরিণতি।
আল্লাহর স্মরণবিমুখতার ফলে দুনিয়ার জীবনে সংকট
অনেকের ধারণা, ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, ক্ষমতা ও বিলাসবহুল জীবন থাকলেই মানুষ সুখী। কিন্তু বাস্তবতা হলো, বাহ্যিক প্রাচুর্য থাকলেই অন্তরের প্রশান্তি নিশ্চিত হয় না। মানুষের অন্তরের প্রকৃত প্রশান্তি আসে আল্লাহর স্মরণ, তার আনুগত্য ও তার ওপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমে।
যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তার অন্তরে একধরনের শূন্যতা, অস্থিরতা ও অতৃপ্তি তৈরি হতে পারে। দুনিয়ার যত সম্পদই সে অর্জন করুক না কেন, অন্তরের প্রকৃত তৃপ্তি তার কাছে অধরাই থেকে যায়। এটাই আল্লাহর স্মরণবিমুখতার কারণে সংকীর্ণ জীবনের অন্যতম তাৎপর্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন—
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
‘যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। (সুরা আর-রা'দ: আয়াত ২৮)
এই আয়াত থেকে স্পষ্ট হয়, মানুষের অন্তরের প্রকৃত শান্তি ও প্রশান্তির অন্যতম প্রধান উৎস হলো আল্লাহর জিকির। তাই দুনিয়ার জীবনে প্রকৃত সুখী হতে হলে আল্লাহর স্মরণ ও আনুগত্যের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে।
আখিরাতে অন্ধ অবস্থায় উঠানো হবে
আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার দ্বিতীয় পরিণতি হলো কিয়ামতের দিন অন্ধ অবস্থায় পুনরুত্থিত হওয়া। দুনিয়াতে মানুষ চোখ দিয়ে সবকিছু দেখলেও যদি আল্লাহর নিদর্শন, তার হেদায়েত ও সত্যের আহ্বান গ্রহণ না করে, তাহলে আখিরাতে তাকে অপমানজনক পরিণতির মুখোমুখি হতে হবে।
সুরা ত্বাহার উল্লিখিত আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন এমন ব্যক্তি অন্ধ অবস্থায় উঠিয়ে দেওয়ার পর বিস্মিত হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করবে, দুনিয়াতে তো তার চোখ ছিল, তাহলে আজ কেন তাকে অন্ধ অবস্থায় উঠানো হলো?
জবাবে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, দুনিয়াতে তার আয়াত ও নিদর্শন মানুষের কাছে পৌঁছেছিল; কিন্তু সে সেগুলোকে অবহেলা করে ভুলে গিয়েছিল। তাই আজ তার প্রতিও অনুরূপ আচরণ করা হচ্ছে।
এখানে ‘ভুলে যাওয়া’ বলতে আল্লাহর পক্ষ থেকে অবহেলা ও অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার কথা বোঝানো হয়েছে; আল্লাহর কোনো কিছু বিস্মৃত হওয়ার অর্থ নয়। কারণ মহান আল্লাহ সবকিছুর জ্ঞান রাখেন।
আল্লাহর স্মরণ থেকে বিমুখতার বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সতর্কবাণী
আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা মানুষের অন্তরকে ধীরে ধীরে কঠিন করে তোলে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একটি গুরুত্বপূর্ণ উপমা দিয়েছেন। হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
‘যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (বুখারি ৬৪০৭)
এই হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, আল্লাহর জিকির মানুষের অন্তরকে জীবন্ত ও আলোকিত রাখে। আর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা অন্তরকে প্রাণহীন ও কঠিন করে দেয়। অন্যদিকে আল্লাহর স্মরণে অভ্যস্ত মুমিনের জীবন হয় আল্লাহমুখী। তার চিন্তা, কাজ ও আচরণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা কাজ করে।
আল্লাহর স্মরণ থেকে বিমুখতা থেকে বাঁচার উপায়
আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পড়া থেকে বাঁচতে প্রত্যেক মুসলমানের উচিত নিজের দৈনন্দিন জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করা। এ জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো—
১. পাঁচ ওয়াক্ত নামাজ আদায়: নিয়মিত সময়মতো নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ মানুষকে আল্লাহর স্মরণে অবিচল রাখে।
২. কুরআন তিলাওয়াত: প্রতিদিন কুরআন তিলাওয়াত করা এবং এর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করতে হবে।
৩. সকাল-সন্ধ্যার জিকির: রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো মাসনুন দোয়া ও জিকির নিয়মিত পাঠ করতে হবে।
৪. সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ: শুধু নামাজ বা নির্দিষ্ট সময়েই নয়; বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির কথা মনে রাখতে হবে।
৫. গুনাহ ও অহংকার পরিহার: পাপাচার, অহংকার, অন্যায় ও প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে রক্ষা করতে হবে।
৬. তওবা ও ইস্তিগফার: ভুল-ত্রুটি হয়ে গেলে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে এবং তাঁর দিকে ফিরে আসতে হবে।
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। অথচ মানুষ অনেক সময় সাময়িক সুখ, ভোগবিলাস ও দুনিয়ার মোহে পড়ে নিজের প্রকৃত গন্তব্যের কথা ভুলে যায়। ভুলে যায় সেই মহান সত্তাকে, যিনি তাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করেছেন।
পবিত্র কুরআনের সতর্কবার্তা আমাদের জানিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলে দুনিয়ার জীবন সংকটময় হয়ে ওঠে এবং আখিরাতে অপেক্ষা করে ভয়াবহ পরিণতি। অন্যদিকে আল্লাহর স্মরণেই রয়েছে অন্তরের প্রশান্তি, জীবনের বরকত এবং পরকালীন মুক্তির পথ।
তাই আসুন, দুনিয়ার মোহে পড়ে মহান আল্লাহকে ভুলে না যাই। প্রতিটি মুহূর্তে তার স্মরণে নিজেদের হৃদয়কে সজীব রাখি। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলি এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার স্মরণে অবিচল থাকার, গাফিলতি থেকে বেঁচে থাকার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।
লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ


