প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে কত সময় লাগে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় ‘অ্যান্ড্রোজেন ডিপোভেশন থেরাপি’ (এডিটি) একটি কার্যকর মাধ্যম হলেও এর ফলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। তবে ক্যানসার চিকিৎসায় এই হরমোন হ্রাসের বিষয়টি সাময়িক। সম্প্রতি ‘ইউরোপিয়ান ইউরোলজি’ নামক জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় এই হরমোন স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগে এবং কোন বিষয়গুলো এর ওপর প্রভাব ফেলে তা উঠে এসেছে।
টেস্টোস্টেরন পুনরুদ্ধারে যে বিষয়গুলো কাজ করে
গবেষণায় ১,৪৪৩ জন রোগীর ওপর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চিকিৎসা শেষ হওয়ার পর সবার টেস্টোস্টেরন এক সময়ে স্বাভাবিক হয় না। এটি মূলত নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর:
বয়স: কম বয়সি পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন দ্রুত পুনরুদ্ধার হয়, অন্যদিকে বয়স্কদের কিছুটা বেশি সময় লাগতে পারে।
চিকিৎসার মেয়াদ: যেসব রোগীর ক্যানসার বেশি আক্রমণাত্মক ছিল, তাদের দীর্ঘ সময় ধরে (যেমন: ১৮ থেকে ৩৬ মাস) থেরাপি নিতে হয়। থেরাপির মেয়াদ যত বেশি হয়, টেস্টোস্টেরন স্বাভাবিক হতেও ততো বেশি সময় নেয়।
পূর্বের মাত্রা: চিকিৎসা শুরুর আগে যাদের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকে, তাদের হরমোন পুনরুদ্ধারের গতিও তুলনামূলক দ্রুত হয়।
সাধারণত হরমোন থেরাপি বন্ধ করার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে গড়ে প্রায় ৬ মাস সময় লাগে। তবে অনেক ক্ষেত্রে এটি ১৮ মাস বা তার চেয়েও বেশি সময় নিতে পারে।
থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও সাময়িক অস্বস্তি
টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে রোগীদের নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
কামোদ্দীপনা বা লিবিডো হ্রাস পাওয়া
হট ফ্লাশ বা হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া
ওজন বৃদ্ধি পাওয়া
হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা দুর্বল হওয়া
ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেজাজ খিটখিটে হওয়া বা মুড সুইং
গবেষণার অন্যতম লেখক, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রেডিয়েশন অনকোলজিস্ট ডা. অমর কিষাণ জানান, এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো বেশ হতাশাজনক হতে পারে। তবে রোগীদের এটি মনে রাখা উচিত যে এই অবস্থাটি সম্পূর্ণ সাময়িক। ে
বিশেষজ্ঞদের পরামর্শ: যা করা উচিত এবং যা বর্জনীয়
১. ধৈর্য ধরা ও স্বাভাবিক সময়ের সুযোগ দেওয়া: প্রথম ছয় মাসের মধ্যে টেস্টোস্টেরন হুট করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন। তাই কৃত্রিমভাবে কোনো কিছু চেষ্টা না করে শরীরকে নিজের মতো করে স্বাভাবিক হওয়ার সময় দেওয়া উচিত।
২. চিকিৎসকের পরামর্শ নেওয়া: চিকিৎসকের নির্দেশনা ছাড়া অতিরিক্ত কোনো টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি হরমোন দীর্ঘদিন পুনরুদ্ধার না হয়, কেবল তখনই চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেন।
৩. জীবনযাত্রায় পরিবর্তন: পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কাটিয়ে উঠতে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ব্যায়াম করা, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া কিংবা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা যেতে পারে।
ডা. কিষাণ বলেন, চিকিৎসাধীন অবস্থায় হতাশা অনুভব করা সম্পূর্ণ স্বাভাবিক। তবে নিজের শারীরিক পরিবর্তনের কথা খোলামেলাভাবে চিকিৎসকের সঙ্গে আলোচনা করলে জীবনযাত্রার মান অনেকখানি উন্নত রাখা সম্ভব।

-6afd6c0b5b7f4.jpg)