Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কোনো ডায়েট কি আসলেই গর্ভধারণের নিশ্চয়তা দেয়? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

কোনো ডায়েট কি আসলেই গর্ভধারণের নিশ্চয়তা দেয়? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Advertisement

প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে টিকটকে প্রায়ই দেখা যায় বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর দাবি করছেন, নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার মাধ্যমে খুব সহজেই গর্ভধারণ করা সম্ভব। বিশেষ করে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) বা হরমোনজনিত সমস্যায় ভোগা নারীদের জন্য এসব খাবার দারুণ কাজ করে বলে দাবি করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা আসলে কতটুকু?

পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক ডায়েট বা খাদ্যতালিকা প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে ঠিকই, তবে কোনো নির্দিষ্ট খাবার বা বিশেষ ডায়েট গর্ভধারণের শতভাগ নিশ্চয়তা দিতে পারে না। 

খাদ্য এবং উর্বরতার মধ্যকার সম্পর্কটি বেশ জটিল। তাই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেকোনো অতি-সরলীকৃত বা দাবির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রজনন স্বাস্থ্য বিষয়ক পুষ্টি পরামর্শ কেন্দ্র ‘ফিড ইউর জেস্ট নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস’-এর প্রতিষ্ঠাতা এবং নিবন্ধিত পুষ্টিবিদ ম্যাকেঞ্জি কল্ডওয়েল বলেন, এ ধরনের ভিডিওগুলো প্রায়ই তাদের ক্লায়েন্টদের প্রজনন যাত্রাকে বিভ্রান্ত করে তোলে। মানুষ মূলত সার্বিক ও বৈজ্ঞানিক তথ্যের চেয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই বেশি শেয়ার করে, যা সাধারণ মানুষের জন্য সবসময় প্রযোজ্য নাও হতে পারে। তাই এগুলোকে অতিমাত্রায় বিশ্বাস করা অনুচিত। 

পিসিওএস, উর্বরতা এবং ডায়েট

পিসিওএস হলো একটি হরমোনজনিত সমস্যা, যা গর্ভধারণকে কঠিন করে তুলতে পারে এবং এর ফলে অনিয়মিত মাসিক, বন্ধ্যত্ব ও চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া এটি রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরলের মতো বিপাকীয় স্বাস্থ্যকেও প্রভাবিত করে। এর কোনো নিরাময় না থাকলেও চিকিৎসাপদ্ধতি ও জীবনযাত্রার পরিবর্তনে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। গর্ভধারণে ইচ্ছুক নারীদের জন্য আইভিএফ এবং কিছু ওষুধ বেশ সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পিসিওএস নিয়ন্ত্রণে পুষ্টির ভূমিকা রয়েছে এবং চিকিৎসকরা সবসময় সুষম খাবার খাওয়ার পরামর্শ দেন। তবে সোশ্যাল মিডিয়ার অনেক ক্রিয়েটর ‘হরমোন ভারসাম্যপূর্ণ করার’ কথা বলে ডায়েট পরিবর্তনকেই গর্ভধারণের প্রধান উপায় হিসেবে প্রচার করেন। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই কথাটি বৈজ্ঞানিকভাবে অস্পষ্ট এবং এটি মানুষকে ভুল ও অকার্যকর পথের দিকে নিয়ে যেতে পারে।

সিঙ্গাপুরের প্রজনন এন্ডোক্রিনোলজিস্ট এবং উর্বরতা বিষয়ক পডকাস্টের উপস্থাপক ডা. লরা শাহিন বলেন, মানুষ যে তাদের সার্বিক স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে, তা দেখে তিনি আনন্দিত। তবে বিষয়টি বেশ জটিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অনেকে এ ধরনের ভিডিও দেখে কেবল ডায়েট পরিবর্তনের পেছনেই সময় ব্যয় করেন এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। 

তার মতে, সুষম খাবার বিপাকীয় স্বাস্থ্যের উন্নতি করে, তবে এটি চিকিৎসার সম্পূর্ণ বিকল্প নয়।

ক্লিনিক্যাল নিউট্রিশন কোম্পানি ‘কুলিনা হেলথ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ ভেনেসা রিসেট্টো মনে করেন, চিকিৎসাবিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও কনটেন্ট ক্রিয়েটরদের এ ধরনের দাবি দর্শকদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আইভিএফ-এর মতো ব্যয়বহুল ও মানসিকভাবে ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে প্রাকৃতিক উপায়ে সমাধান খোঁজাটা স্বাভাবিক, তবে ‘এটি শুধু এভাবে করে দেখুন, কাজ হবে’ এমন সরল দাবি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

উর্বরতায় পুষ্টির ভূমিকা 

গবেষণায় দেখা গেছে, ফলমূল, শাকসবজি, গোটা শস্যদানা এবং বাদামসমৃদ্ধ খাবার—যা সাধারণত ‘মেডিটারিয়ান ডায়েট’ নামে পরিচিত—খারাপ ডায়েটের তুলনায় উর্বরতা বাড়াতে সাহায্য করে।

তবে ডায়েট পরিবর্তনের মাধ্যমেই কেবল বন্ধ্যাত্ব দূর করে গর্ভধারণ করা সম্ভব—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভেনেসা রিসেট্টোর মতে, যারা এ ধরনের সুষম খাবার খান তারা সাধারণত সার্বিকভাবে সুস্থ থাকেন। হয়তো সেটাই তাদের প্রজনন প্রক্রিয়াকে কিছুটা সহজ করে, তবে এর পেছনে কোনো জাদুকরি রহস্য নেই।

ম্যাকেঞ্জি কল্ডওয়েল জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় অনেককে উর্বরতা বাড়ানোর জন্য বা পিসিওএস নিয়ন্ত্রণে গ্লুটেন-মুক্ত বা ডেইরি-মুক্ত (Dairy-free) ডায়েট অনুসরণের পরামর্শ দিতে দেখেছেন। অথচ যাদের এ জাতীয় খাবারে অসহিষ্ণুতা নেই, তাদের জন্য এগুলো বর্জন করার পেছনে ‘বিন্দুমাত্র বৈজ্ঞানিক ভিত্তি নেই’। বরং অপ্রয়োজনে গ্লুটেন ও ডেইরি বাদ দিলে ফাইবার ও পুষ্টি উপাদানের ঘাটতি হতে পারে।

এ ছাড়া ইন্টারনেটে জনপ্রিয় আরেকটি ডায়েট হলো ‘কেটো ডায়েট’, যেখানে কার্বোহাইড্রেট প্রায় থাকে না বললেই চলে। তবে কল্ডওয়েল এর বিরোধিতা করে বলেন, সার্বিক স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবারের উৎস।

ভার্চুয়াল পুষ্টি চর্চাকেন্দ্র ‘অলাইভ+ওয়েল নিউট্রিশন’-এর প্রতিষ্ঠাতা অ্যান্থেই লেভি বলেন, নির্দিষ্ট শারীরিক অবস্থা বা প্রজনন লক্ষ্য অনুযায়ী খাদ্য নির্বাচন করার কিছুটা যৌক্তিকতা রয়েছে, তবে তা অবশ্যই বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে হওয়া উচিত। 

কাঁচা সবজি বা ডেইরি পণ্য পুরোপুরি বাদ দেওয়ার মতো দাবিগুলো নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার মতে, কাঁচা ফলমূল বা সবজি খাওয়ার চেয়ে রান্না করে খেলে বরং হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীর পুষ্টি উপাদান ভালোভাবে গ্রহণ করতে পারে।

বিশেষজ্ঞদের সতর্কতা ও পরামর্শ

অনলাইন ক্রিয়েটরদের পরামর্শ অন্ধভাবে না মেনে তাদের পেশাগত যোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন অ্যান্থেই লেভি। তার মতে, কোনো একটি নির্দিষ্ট খাবার কখনোই সব সমস্যার সমাধান হতে পারে না; বরং জিনগত কারণসহ আরও অনেক বিষয় উর্বরতাকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, ‘কোনো বিশেষ খাবার বা জীবনযাত্রার পছন্দই যে আপনার গর্ভধারণের একমাত্র কারণ, তা প্রমাণ করা কঠিন। হরমোনের ভারসাম্য রক্ষা করতে সামগ্রিক খাদ্যাভ্যাসই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।’ 

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো ডায়েট কি আসলেই গর্ভধারণের নিশ্চয়তা দেয়? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

কোনো ডায়েট কি আসলেই গর্ভধারণের নিশ্চয়তা দেয়? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে কত সময় লাগে?

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে কত সময় লাগে?

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম