দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিন দুধ পান করেন এমন পুরুষদের জন্য নতুন একটি গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষণায় প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণের সঙ্গে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রার সম্পর্ক পাওয়া গেছে।
এতে দেখা গেছে, যারা বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা তুলনামূলক কম। অন্যদিকে, যারা বেশি উদ্ভিজ্জ প্রোটিন খান, তাদের ক্ষেত্রে এই হরমোনের মাত্রা বেশি পাওয়া গেছে। দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে দুধ পান করলেই পুরুষের টেস্টোস্টেরন কমে যায়।
২০২৬ সালের সেপ্টেম্বরে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকেরা এতে ৪২ থেকে ৬০ বছর বয়সি ২ হাজার ৫৪৬ জন পুরুষের তথ্য বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাস পর্যালোচনার পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টেস্টোস্টেরন ও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) হরমোনের মাত্রা পরিমাপ করা হয়।
পুরুষেরা প্রতিদিন কী পরিমাণ প্রোটিন গ্রহণ করছেন এবং তার উৎস কী, তা জানতে চার দিনের খাদ্যতালিকা সংগ্রহ করেন গবেষকেরা।
গবেষণার ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণকারী পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম প্রাণিজ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে প্রতি লিটারে ১ দশমিক ২ ন্যানোমোল কম। অন্যদিকে, যারা বেশি উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা কম উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় প্রতি লিটারে প্রায় ১ দশমিক ১ ন্যানোমোল বেশি।
দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন ও এসএইচবিজি হরমোনের নিম্নমাত্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাংস থেকে পাওয়া প্রোটিনের ক্ষেত্রে এসএইচবিজি কম থাকার সম্পর্ক থাকলেও মোট টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
দুধ পান করলে কি টেস্টোস্টেরন কমে?
গবেষণার ফলাফল থেকে এমন প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। কারণ, তারা কাউকে নির্দিষ্ট পরিমাণ দুধ পান করিয়ে পরবর্তী সময়ে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করেননি। বরং অংশগ্রহণকারীদের প্রচলিত খাদ্যাভ্যাস ও রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন। অর্থাৎ, দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে টেস্টোস্টেরন কম থাকার সম্পর্ক পাওয়া গেলেও দুধ পান করাই এর কারণ, এমন প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া গবেষণাটি শুধু ফিনল্যান্ডের ৪২ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের ওপর পরিচালিত হয়েছে। ফলে এর ফলাফল তরুণ কিংবা অন্য দেশের পুরুষদের ক্ষেত্রেও একই রকম হবে, তা নিশ্চিত নয়। গবেষকেরা আরও জানিয়েছেন, টেস্টোস্টেরনের মাত্রার পার্থক্য তুলনামূলকভাবে কম। খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাপন ও শারীরিক অবস্থাও হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে।
তাহলে কি পুরুষদের দুধ পান বন্ধ করা উচিত?
গবেষণার ভিত্তিতে দুধ পান বন্ধ করার প্রয়োজন নেই। দুধে প্রোটিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা পেশির কার্যকারিতা ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া খাদ্যতালিকা থেকে দুধ বাদ দিলে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতিও দেখা দিতে পারে।
টেস্টোস্টেরন নিয়ে উদ্বেগ থাকলে পর্যাপ্ত ঘুম, শরীরের ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক পরিশ্রমের দিকে নজর দেওয়া জরুরি। যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দীর্ঘস্থায়ী ক্লান্তি কিংবা পেশির শক্তি কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক আছে কি না, তা জানা সম্ভব।
সব মিলিয়ে, গবেষণাটি বিভিন্ন উৎসের প্রোটিন ও পুরুষের হরমোনের মাত্রার মধ্যে সম্পর্কের একটি নতুন দিক তুলে ধরেছে। তবে দুধ পান করলে টেস্টোস্টেরন কমে যায়, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট প্রমাণ এখনো নেই। এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। কারণ, কোনো দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেই একটিকে অন্যটির কারণ বলা যায় না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

