টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসারের ঝুঁকি: গবেষণা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
পুরুষের শরীরে টেস্টোস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোন।
|
ফলো করুন |
|
|---|---|
পুরুষের শরীরে টেস্টোস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই এই হরমোনের মাত্রা কমতে থাকে। তবে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা অতিরিক্ত কমে গেলে তা ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়ার একটি সংকেত হতে পারে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ল্যানসেট হেলদি লংজিভিটি’-তে প্রকাশিত গবেষণাটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ২৬ হাজারেরও বেশি পুরুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে।
গবেষণার প্রধান গবেষক ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের হরমোন বিশেষজ্ঞ বু ইয়েপ জানান, যেসব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি। বয়স ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই ঝুঁকির বিষয়টি দেখা গেছে।
কোন হরমোনের ঘাটতিতে কতটা ঝুঁকি?
গবেষণায় টেস্টোস্টেরনের পাশাপাশি পুরুষের শরীরের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি হরমোন ও প্রোটিনের মাত্রা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব উপাদানের স্বল্পতার সঙ্গে ক্যানসারে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক রয়েছে।
গবেষণার ফল অনুযায়ী, যেসব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম, তাদের যেকোনো ধরনের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ১৮ শতাংশ বেশি। অন্যদিকে, টেস্টোস্টেরন থেকে তৈরি হওয়া ডাই-হাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) কম থাকলে এই ঝুঁকি বেড়ে যায় ২১ শতাংশ।
এ ছাড়া রক্তে টেস্টোস্টেরন পরিবহনে ভূমিকা রাখা এসএইচবিজির মাত্রা কম থাকলে প্রস্টেট ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ২৮ শতাংশ বেশি পাওয়া গেছে। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত লুটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকলে প্রস্টেট ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রায় ৪৫ শতাংশ।
তবে গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে প্রস্টেট ক্যানসারের সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অর্থাৎ, স্বাভাবিক টেস্টোস্টেরন প্রস্টেট ক্যানসারের কারণ—এমন কোনো প্রমাণ গবেষণায় মেলেনি।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ৮ দশমিক ৬ ন্যানোমোলের নিচে নেমে গেলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়তে শুরু করে।
হরমোন থেরাপি কি কমাবে ক্যানসারের ঝুঁকি?
বর্তমানে বিভিন্ন প্রচারণা ও অনলাইন মাধ্যমে পুরুষদের নানা শারীরিক সমস্যার কারণ হিসেবে টেস্টোস্টেরনের ঘাটতিকে তুলে ধরা হয়। এ কারণে অনেকেই শরীরে হরমোনের মাত্রা বাড়াতে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোন প্রতিস্থাপন চিকিৎসার প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলেই হরমোন থেরাপির মাধ্যমে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
২০২৩ সালে পাঁচ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত একটি বড় গবেষণাতেও দেখা গেছে, টেস্টোস্টেরন থেরাপি গ্রহণের ফলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না।
বিশেষজ্ঞদের পরামর্শ কী?
গবেষকদের মতে, শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া মানেই তা সরাসরি ক্যানসারের কারণ নয়। বরং এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের অবনতির একটি গুরুত্বপূর্ণ সংকেত বা বায়োমার্কার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ, হরমোনের এই পরিবর্তন ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা সম্পর্কে আগাম ধারণা দিতে পারে।
তাই রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি শরীরের সামগ্রিক অবস্থা মূল্যায়নে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত। নিজে থেকে হরমোন থেরাপি শুরু না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

-6afd74b024785.jpg)