শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পুষ্টিকর খাবারের প্রয়োজন সবার, কিন্তু সেই খাবার সহজে পাওয়ার সুযোগ সব জায়গায় এক নয়। শহরের বাইরে, বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে পরিবহণ, সংরক্ষণ ও বাজারব্যবস্থার নানা সীমাবদ্ধতা থাকে। প্রোটিনসমৃদ্ধ দুধের পুষ্টিগুণ মানুষের কাছে পৌঁছে দিতে তাই উৎপাদনের পাশাপাশি প্রয়োজন কার্যকর বিতরণ ব্যবস্থা ও উপযুক্ত প্রযুক্তির ব্যবহার।
দুধ প্রোটিন ও ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। সুষম খাদ্যতালিকায় এটি শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। তবে দুধ দ্রুত নষ্ট হওয়ার প্রবণতার কারণে উৎপাদনের পর যথাযথভাবে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে দীর্ঘ দূরত্বে দুধ পরিবহণের ক্ষেত্রে সময়, তাপমাত্রা ও পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ বিষয়।
সংরক্ষণ সহজ হলে বাড়ে সরবরাহের সুযোগ
খোলা দুধের ক্ষেত্রে যথাযথ শীতলীকরণ ও দ্রুত পরিবহণ গুরুত্বপূর্ণ; কিন্তু যেসব এলাকায় শীতল সংরক্ষণের (cold-chain system) সুবিধা সীমিত, সেখানে দুধের সরবরাহব্যবস্থা পরিচালনা করা আরও কঠিন হতে পারে। এক্ষেত্রে ইউএইচটি বা অতি উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত মিল্ক একটি বিকল্প সুযোগ তৈরি করে।
ইউএইচটি প্রক্রিয়ায় দুধকে অতি উচ্চ তাপমাত্রায় অল্প সময়ের জন্য উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করা হয়। এরপর জীবাণুমুক্ত পরিবেশে অ্যাসেপটিক প্যাকেটে ভরে সিল করা হয়। সঠিকভাবে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত দুধ লেবেলে উল্লেখ করা শর্ত মেনে দীর্ঘ সময় ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায়। ফলে পরিবহণ ও বিতরণের ক্ষেত্রে শীতল সংরক্ষণের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।
টেট্রাপ্যাক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অ্যাসেপটিক প্যাকেজিং প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। এ ধরনের প্রযুক্তি দুধের সংরক্ষণকাল বাড়াতে এবং প্যাকেট খোলার আগে বাইরের দূষণ থেকে সুরক্ষায় সহায়তা করে।
স্থানীয় বাজার ও ভোক্তার সুবিধা
দুধের সরবরাহ ব্যবস্থা উন্নত হলে শুধু ভোক্তার সুবিধাই বাড়ে না, উৎপাদকদের জন্যও বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ তৈরি হতে পারে। তবে এর জন্য প্রয়োজন নির্ভরযোগ্য সংগ্রহব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, পরিবহণ এবং স্থানীয় বাজারে পণ্য পৌঁছানোর কার্যকর পরিকল্পনা। ক্ষুদ্র দুগ্ধ খামারিদের উৎপাদিত দুধের গুণগত মান বজায় রাখা এবং বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে পুষ্টিকর দুধ মানুষের নাগালে পৌঁছানোর বিষয়টি শুধু প্রাপ্যতার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবারের ক্রয়ক্ষমতা, পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। ডাল, ডিম, মাছ, শাকসবজি, ফল ও অন্যান্য খাবারের সাথে সাথে দুধকেও সুষম এবং নিয়মিত খাদ্যতালিকার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
দুধ কেনার সময় প্যাকেটের মেয়াদ ও সিল পরীক্ষা করা উচিত। প্যাকেট খোলার পর ইউএইচটি মিল্কও ফ্রিজে রাখতে হবে এবং লেবেলে দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।
