মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত-
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তির সমস্যা, বিষণ্নতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা শারীরিক ও মানসিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। তবে এমন কিছু মানুষ রয়েছেন, যারা প্রতিরাতে মাত্র চার থেকে ছয় ঘণ্টা ঘুমিয়েও স্বাভাবিক জীবনযাপন করেন। গবেষকদের কাছে তারা পরিচিত ‘ন্যাচারাল শর্ট স্লিপার’ নামে।
বিজ্ঞানীরা বলছেন, এসব মানুষের কম ঘুমের পেছনে রয়েছে বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্য। তাদের শরীর ও মস্তিষ্ক অল্প সময়ের ঘুমেই প্রয়োজনীয় বিশ্রাম ও পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করতে পারে। ফলে সাধারণ মানুষের মতো দীর্ঘ সময় ঘুমানোর প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রের পিবিএস নিউজআওয়ারে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন মারলা ব্রডফুট।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর স্নায়ুরোগ বিশেষজ্ঞ লুইস পটাশেক এবং জিনবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী ইং-হুই ফু দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করছেন। তাদের গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের বংশগত বৈশিষ্ট্যের কারণে ঘুমের প্রয়োজন তুলনামূলক কম হয়।
গবেষণার শুরুতে তারা এমন একটি পরিবারের সন্ধান পান, যাদের সদস্যরা খুব সকালে ঘুম থেকে উঠলেও রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন না। অথচ মাত্র ছয় ঘণ্টা ঘুমিয়েই তাঁরা সতেজ অনুভব করতেন। গবেষকেরা তাদের মধ্যে ডিইসি২ নামের একটি জিনের পরিবর্তন শনাক্ত করেন।
পরবর্তী সময়ে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েও এর প্রভাব পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। দেখা যায়, ডিইসি২ জিনের পরিবর্তন থাকা ইঁদুর অন্য ইঁদুরের তুলনায় কম ঘুমিয়েও স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
গবেষকেরা পরে এডিআরবি১, এনপিএসআর১ ও জিআরএম১ -সহ আরও কয়েকটি জিনের পরিবর্তনের সঙ্গে স্বল্প সময়ের ঘুমের সম্পর্ক খুঁজে পান। এসব জিন মস্তিষ্কের ঘুম ও জেগে থাকার প্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
কম ঘুমিয়েও যেসব সুবিধা পান তারা
গবেষণায় দেখা গেছে, স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। তারা সাধারণত বেশি কর্মচঞ্চল, উচ্চাকাঙ্ক্ষী ও আশাবাদী হন। মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং ব্যথা সহ্য করার সক্ষমতাও তাঁদের মধ্যে তুলনামূলক বেশি হতে পারে।
এমনকি কিছু গবেষণায় তাঁদের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে এসব বৈশিষ্ট্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
বিজ্ঞানীদের ধারণা, তাদের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের প্রয়োজনীয় কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। ফলে সাধারণ মানুষের তুলনায় কম সময় ঘুমিয়েও তাঁরা সতেজ থাকতে পারেন।
ঘুমের সময় কম হলেই কি ক্ষতি নেই?
গবেষকেরা সতর্ক করে বলেছেন, কম ঘুমানোর অভ্যাস থাকলেই কেউ স্বাভাবিকভাবে কম ঘুমের প্রয়োজন অনুভব করেন, এমন নয়। অনেকেই নিজেদের কম ঘুমের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে মনে করেন। কিন্তু বাস্তবে তাঁদের মস্তিষ্ক ও শরীরে ঘুমের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, বিপাকীয় কার্যক্রম, রোগ প্রতিরোধক্ষমতা এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে।
তাই স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তি এবং ঘুমের অভাবে ভোগা ব্যক্তিদের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।
ঘুম নিয়ে নতুন গবেষণার সম্ভাবনা
গবেষকদের ধারণা, স্বল্প ঘুমের সঙ্গে সম্পর্কিত জিনগুলো কীভাবে কাজ করে, তা জানা গেলে ঘুমের প্রকৃতি সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি কমানোর নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনেও এসব গবেষণা সহায়ক হতে পারে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ঘুম ও জৈবিক ঘড়িবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক ফিলিস জি মনে করেন, কম ঘুমানো ব্যক্তিদের মস্তিষ্কে গভীর ঘুমের প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
বিশেষজ্ঞদের পরামর্শ, সবার জন্য একই পরিমাণ ঘুমের প্রয়োজন হয় না। বয়স, শারীরিক অবস্থা ও জিনগত বৈশিষ্ট্যের ওপর ঘুমের চাহিদা নির্ভর করতে পারে। তাই অন্যের ঘুমের সময়ের সঙ্গে নিজের ঘুমের তুলনা না করে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।

