এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ধূমপান বা মদ্যপান করেন না, জীবনযাপনেও বেশ নিয়ম মেনে চলেন—তারপরও অনেকের শরীরে ক্যানসার ধরা পড়ছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বাড়তে থাকায় তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্যানসার প্রাথমিক পর্যায়ে কোনো স্পষ্ট সংকেত দেয় না; বরং নীরবে শরীরের ভেতরে ছড়াতে থাকে। লক্ষণগুলো যখন দৃশ্যমান হয়, তখন অনেকটাই দেরি হয়ে যায়। আর শুরুর দিকে যে সামান্য উপসর্গ দেখা দেয়, সেগুলোকে সাধারণ স্বাস্থ্যসমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার প্রবণতাও বেশি।
এরকম ৫ ক্যানসার প্রসঙ্গে নিচে আলোচনা করা হলো:
অগ্ন্যাশয়ের ক্যানসার
অগ্ন্যাশয়ের আকার ছোট হওয়ায় এবং সেখানে কোষ বিভাজনের গতি ধীরে হওয়ায় প্রাথমিক অবস্থায় টিউমার বোঝা যায় না। ফলে রোগটি ছড়িয়ে পড়তে শুরু করলেও তা সহজে ধরা পড়ে না।
খাওয়ার পর বুক জ্বালাপোড়া, বদহজম, পেটের ওপরের দিকে হালকা অস্বস্তি বা পিঠে ব্যথার মতো সামান্য উপসর্গ দেখা দিলেও অনেকেই সেগুলোকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটি ভেবে অ্যান্টাসিড খেয়ে থাকেন।
ডিম্বাশয়ের ক্যানসার
পেলভিস অঞ্চলে ডিম্বাশয়ের অবস্থান বেশ সীমিত জায়গায় হলেও শুরুর দিকে টিউমার আশপাশের অঙ্গে চাপ তৈরি করে না। এ কারণে শুরুতে এর উপস্থিতি টের পাওয়া যায় না। ক্যানসার কোষ বাড়তে থাকলে তলপেট ফোলা, অল্প খেলেই পেট ভরে যাওয়া বা ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। অনেক নারী এসব উপসর্গকে হরমোনজনিত সমস্যা, গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্য বলে ভুল করেন।
ফুসফুসের ক্যানসার
ফুসফুসের ভেতরের অংশে ব্যথার অনুভূতি কম থাকায় শুরুর দিকে সেখানে ক্যানসার কোষ তৈরি হলেও তা বোঝা যায় না। প্রাথমিক পর্যায়ে ফুসফুস তার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। টিউমার যখন শ্বাসনালির কাছাকাছি পৌঁছায়, তখন শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ প্রকাশ পায়। শুরুতে হালকা কাশি, অতিরিক্ত ক্লান্তি বা সামান্য শ্বাসকষ্ট দেখা দিলে তা সাধারণ সর্দি-কাশি কিংবা অ্যালার্জি বলে মনে হতে পারে।
কোলন ক্যানসার
কোলন বা বৃহদন্ত্রের ভেতরের পরিসর তুলনামূলক চওড়া হওয়ায় ছোট পলিপ বা প্রাথমিক টিউমার শুরুতে বড় কোনো বাধা তৈরি করে না। ক্যানসার কোষ ধীরে ধীরে কোলনের প্রাচীর ভেদ করে ছড়িয়ে না পড়া পর্যন্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা তীব্র ব্যথার মতো সমস্যা দেখা যায় না। শুরুর দিকে সামান্য গ্যাস, মাঝেমধ্যে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়ারিয়ার উপসর্গ দেখা দিতে পারে।
কিডনির ক্যানসার
টিউমার বেশ বড় না হওয়া পর্যন্ত কিডনির স্বাভাবিক কাজে বড় কোনো ব্যাঘাত ঘটে না। তা ছাড়া কিডনির ফিল্টার করার ক্ষমতা বেশি হওয়ায় এক অংশের কোষ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশ কাজ চালিয়ে নেয়।
প্রাথমিক অবস্থায় মাঝেমধ্যে কোমর বা পিঠের নিচের দিকে হালকা ব্যথা, সামান্য ক্লান্তি কিংবা প্রস্রাবের রঙের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। এসব লক্ষণকে অনেকেই ক্লান্তি বা কম পানি পানের ফল ভেবে গুরুত্ব দেন না।

