উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি
মনোজ সরকার
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
হোমিওপ্যাথি ওষুধ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আধুনিক ব্যস্ত জীবনে অসুস্থতা মানেই আমাদের কাছে এক অসহনীয় বিড়ম্বনা। মাথাব্যথা, জ্বর, অ্যাসিডিটি কিংবা ত্বকের কোনো সমস্যা দেখা দিলেই আমরা দ্রুততম সময়ের মধ্যে তা থেকে মুক্তি পেতে চাই। হাতের কাছে থাকা ব্যথানাশক বা উপসর্গ উপশমকারী ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পেলেই আমরা ধরে নিই—রোগ সেরে গেছে।
কিন্তু প্রশ্ন হলো- বাহ্যিক উপসর্গগুলো সাময়িকভাবে মিলিয়ে যাওয়াটাই কি প্রকৃত ‘রোগারোগ্য’? নাকি আমরা অজান্তেই রোগকে শরীরের আরও গভীরে ঠেলে দিচ্ছি?
রোগ ও আরোগ্য সম্পর্কে আমাদের প্রচলিত এ ধারণার বিপরীতে এক সম্পূর্ণ স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত দর্শন উপস্থাপন করেছে হোমিওপ্যাথি। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান প্রবর্তিত এই চিকিৎসা পদ্ধতিতে- ‘রোগ কোনো বিচ্ছিন্ন অঙ্গের ত্রুটি নয়; বরং সমগ্র মানবসত্তার অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ।’
রোগ কী এবং কেন হয়
প্রচলিত বস্তুবাদী ধারণায় ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গের বিকৃতিকেই রোগের মূল কারণ হিসেবে দেখা হয়। ফলে চিকিৎসার মূল লক্ষ্য থাকে ওই জীবাণু ধ্বংস করা বা আক্রান্ত অঙ্গের উপসর্গগুলোকে দমন করা; কিন্তু হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, মানবদেহ পরিচালিত হয় এক অদৃশ্য, অশরীরী ও গতিশীল ‘জীবনীশক্তি’ (ভাইটাল ফোর্স) দ্বারা। এই জীবনীশক্তি যখন সুস্থ ও ছন্দময় থাকে, তখন দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ সুশৃঙ্খলভাবে কাজ করে এবং কোনো রোগজীবাণুই দেহে স্থায়ী বাসা বাঁধতে পারে না।
বাহ্যিক বা মানসিক কোনো অশুভ প্রভাবে যখন এই জীবনীশক্তির ছন্দপতন ঘটে, তখনই দেহে নানাবিধ লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। অর্থাৎ জ্বর, ব্যথা বা চর্মরোগ মূল রোগ নয়; এগুলো হলো ভেতরের বিশৃঙ্খলা সম্পর্কে দেহের আত্মরক্ষামূলক সংকেত মাত্র। রোগকে কেবল জীবাণুর আক্রমণ না ভেবে জীবনীশক্তির দুর্বলতা হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই হোমিওপ্যাথিকে অনন্য করে তুলেছে।
উপশম, দমন ও প্রকৃত আরোগ্য
আমাদের সমাজে চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই ‘উপশম’ (প্যালিয়েশন) ও ‘দমন’ (সাপ্রেশন)-কে ‘আরোগ্য’ (কিউর) ভেবে ভুল করা হয়। উদাহরণস্বরূপ, কারও শরীরে চর্মরোগ বা অ্যাকজিমা দেখা দিলে বাইরে থেকে শক্তিশালী মলম ব্যবহার করে তা দ্রুত মিলিয়ে দেওয়া সম্ভব। এতে ত্বক পরিষ্কার হয় ঠিকই, কিন্তু ভেতরের রোগশক্তি নির্মূল হয় না। ফলে কিছুদিন পর সেই রোগীর মধ্যে হাঁপানি, শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিল অভ্যন্তরীণ ব্যাধি দেখা দেয়। হোমিওপ্যাথির ভাষায় এটি আরোগ্য নয়, বরং ‘রোগ দমন’—যা রোগীর জন্য আরও ভয়াবহ বিপদ ডেকে আনে। একইভাবে, মাথাব্যথা বা গিঁটের ব্যথায় সাময়িক ব্যথানাশক ওষুধ খাওয়া হলো উপশম, যা ওষুধের ক্রিয়া শেষ হলেই আবার ফিরে আসে।
মহাত্মা হ্যানিম্যান তার কালজয়ী গ্রন্থ ‘অর্গানন অব মেডিসিন’-এর ২ নম্বর সূত্রে প্রকৃত আরোগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন- ‘চিকিৎসার সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, মৃদু ও স্থায়ীভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করা, অথবা সহজবোধ্য ও নিশ্চিত নীতিমালার ওপর ভিত্তি করে সবচেয়ে সংক্ষিপ্ত, নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করা।’
হোমিওপ্যাথিক আরোগ্যের পথরেখা
হোমিওপ্যাথি ‘রোগ নয়, রোগীকে চিকিৎসা করে’। একই নামের রোগে আক্রান্ত দুজন মানুষের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ প্রতিটি মানুষের শারীরিক গঠন, মানসিক প্রবণতা, আবেগ-অনুভূতি, পছন্দ-অপছন্দ এবং রোগের লক্ষণ প্রকাশের ধরন আলাদা। এই ব্যক্তিস্বাতন্ত্র্য বিচার করে নির্বাচিত একক ও সূক্ষ্মমাত্রার ওষুধ সরাসরি দেহের জীবনীশক্তিকে উদ্দীপ্ত করে, যাতে দেহ নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে।
প্রখ্যাত হোমিওপ্যাথি ডা. কনস্ট্যান্টাইন হেরিং দেখিয়েছেন, প্রকৃত আরোগ্য কখনো এলোমেলোভাবে ঘটে না; বরং তা একটি সুনির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে চলে। একে ‘হেরিং-এর আরোগ্য সূত্র’ বলা হয়। এই সূত্র অনুযায়ী, প্রকৃত আরোগ্যের ক্ষেত্রে রোগের লক্ষণগুলো শরীরের ভেতর থেকে বাইরের দিকে, ওপর থেকে নিচের দিকে, অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ (যেমন—হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা ফুসফুস) থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের (যেমন—ত্বক) দিকে সরে আসে এবং রোগের লক্ষণগুলো যে ক্রমে এসেছিল ঠিক তার উল্টো ক্রমে বিদায় নেয়। আরোগ্যের এই প্রক্রিয়ায় রোগী কেবল শারীরিক কষ্ট থেকেই মুক্তি পান না, বরং তার মানসিক প্রফুল্লতা, স্বাভাবিক ঘুম, ক্ষুধা ও কর্মস্পৃহাও ফিরে আসে।
বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং রাসায়নিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যখন জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন রোগারোগ্য সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। সাময়িক স্বস্তির আশায় উপসর্গ চাপা না দিয়ে, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনীশক্তিকে জাগিয়ে তোলাই হতে পারে টেকসই সুস্থতার একমাত্র পথ।
হোমিওপ্যাথির এই মানবিক, বিজ্ঞানসম্মত ও প্রকৃতিসম্মত দর্শন আমাদের সেই পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতারই দিশা দেখায়।
কোট- ‘চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত ধারণায় যেখানে রোগের বাহ্যিক প্রকাশ বন্ধ করাকেই সুস্থতা ভাবা হয়, হোমিওপ্যাথি সেখানে দেহের অভ্যন্তরীণ প্রাণশক্তির ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে স্থায়ী আরোগ্যের কথা বলে।’
