পেটের দুই পাশের মেদ কমাতে ঘরেই করুন ৭ ব্যায়াম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম
ছবি: এআই সম্পাদিত
|
ফলো করুন |
|
|---|---|
পেটের দুই পাশে জমে থাকা অতিরিক্ত চর্বি বা ‘লাভ হ্যান্ডেলস’ অনেকের কাছেই অস্বস্তির কারণ। বিশেষ করে দীর্ঘ সময় বসে কাজ করা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে কোমরের চারপাশে চর্বি জমতে পারে। তবে নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এই চর্বি কমানো এবং পেটের পেশি শক্তিশালী করা সম্ভব।
ফিটনেস বিশেষজ্ঞদের মতে, পেটের পাশের মেদ কমাতে এমন কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো বাড়িতেই করা যায়। এসব ব্যায়াম কোমর, পেট ও শরীরের মধ্যবর্তী অংশের পেশি সক্রিয় রাখতে সহায়তা করে।
১. বাইসাইকেল ক্রাঞ্চ
পেটের পেশি সক্রিয় করার জন্য বাইসাইকেল ক্রাঞ্চ কার্যকর একটি ব্যায়াম। মেঝেতে চিত হয়ে শুয়ে দুই হাত মাথার পেছনে রাখতে হবে। এরপর হাঁটু ভাঁজ করে পা মাটি থেকে তুলতে হবে। ডান কনুইয়ের সঙ্গে বাঁ হাঁটু এবং বাঁ কনুইয়ের সঙ্গে ডান হাঁটু মিলিয়ে পর্যায়ক্রমে শরীর বাঁকাতে হবে। এভাবে কয়েকবার করলে পেটের পেশিতে চাপ তৈরি হবে।
২. রাশিয়ান টুইস্ট
কোমরের দুই পাশের পেশি শক্তিশালী করতে রাশিয়ান টুইস্ট করা যায়। মেঝেতে বসে হাঁটু সামান্য ভাঁজ করে পা মাটি থেকে তুলতে হবে। এরপর শরীরের ওপরের অংশ সামান্য পেছনে হেলিয়ে দুই হাত একসঙ্গে রেখে ডান ও বাঁ দিকে ঘোরাতে হবে। ব্যায়ামটি করার সময় পিঠ সোজা রাখা জরুরি।
৩. সাইড প্ল্যাঙ্ক
সাইড প্ল্যাঙ্ক পেটের পাশের পেশি ও শরীরের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। প্রথমে এক পাশ ফিরে শুয়ে কনুইয়ের ওপর ভর দিতে হবে। এরপর কোমর মাটি থেকে তুলে মাথা থেকে পা পর্যন্ত শরীর সোজা রাখতে হবে। নির্দিষ্ট সময় এ অবস্থায় থেকে পরে অন্য পাশেও একইভাবে ব্যায়ামটি করতে হবে।
৪. মাউন্টেন ক্লাইম্বার
এটি শরীরের বিভিন্ন পেশি সক্রিয় করার পাশাপাশি হৃদস্পন্দন বাড়াতে সাহায্য করে। পুশ-আপ দেওয়ার ভঙ্গিতে দুই হাত মেঝেতে রেখে শরীর সোজা করতে হবে। এরপর দৌড়ানোর মতো করে পর্যায়ক্রমে এক পা বুকের দিকে টেনে আনতে হবে। ব্যায়ামটি দ্রুত বা নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারেন।
৫. হিল টাচেস
পেটের পাশের পেশি সক্রিয় করতে হিল টাচেস করা যায়। মেঝেতে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পা মাটিতে রাখতে হবে। দুই হাত শরীরের পাশে রেখে মাথা ও কাঁধ সামান্য ওপরে তুলতে হবে। এরপর ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি স্পর্শ করার চেষ্টা করতে হবে।
৬. উডচপার্স
উডচপার্স ব্যায়ামে শরীরের মধ্যবর্তী অংশ ঘোরানোর মাধ্যমে পেট ও কোমরের পেশি সক্রিয় হয়। দাঁড়িয়ে দুই হাত একসঙ্গে করে শরীরের এক পাশ থেকে বিপরীত পাশের নিচের দিকে ঘোরাতে হবে। এরপর একইভাবে বিপরীত দিকেও করতে হবে। চাইলে হালকা ওজনের বল বা ডাম্বেল ব্যবহার করা যায়। তবে শুরুতে ওজন ছাড়াই ব্যায়ামটি করা ভালো।
৭. ডেড বাগ
পেটের গভীরের পেশি শক্তিশালী করতে ডেড বাগ ব্যায়াম কার্যকর। মেঝেতে চিত হয়ে শুয়ে দুই হাত সোজা করে ওপরে তুলতে হবে। একই সঙ্গে হাঁটু ৯০ ডিগ্রি কোণে ভাঁজ রাখতে হবে। এরপর বিপরীত হাত ও পা ধীরে ধীরে মেঝের দিকে নামিয়ে আবার আগের অবস্থায় ফিরতে হবে। এভাবে দুই পাশ পালাক্রমে করতে হবে। ব্যায়ামটির সময় কোমর মেঝের সঙ্গে লাগিয়ে রাখা জরুরি।
শুধু ব্যায়াম করলেই কমবে না মেদ
বিশেষজ্ঞদের মতে, শরীরের নির্দিষ্ট একটি অংশের চর্বি শুধু ওই অংশের ব্যায়াম করে কমানো যায় না। পেটের দুই পাশের মেদ কমাতে শরীরের সামগ্রিক চর্বি কমানোর দিকে মনোযোগ দিতে হবে। এ জন্য নিয়মিত হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানোর মতো শারীরিক কার্যক্রমের পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়াম করা প্রয়োজন।
এ ছাড়া সুষম খাবার, পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার কমানো এবং পর্যাপ্ত ঘুমও ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ধারাবাহিকভাবে এসব অভ্যাস মেনে চললে ধীরে ধীরে কোমরের চারপাশের চর্বি কমানো এবং শরীরকে আরও সক্রিয় রাখা সম্ভব।
