১১ কোটি টাকার কসাইখানায় ফেলে যত্রতত্র পশু জবাই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
সর্বশেষ চলতি বছরের ২ জুন একটি গরু জবাইয়ের মধ্য দিয়ে কসাইখানাটির উদ্বোধন করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা ব্যবহার করা হচ্ছে না। কসাইখানাটি ফেলে রেখে যত্রতত্র ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন মাংস ব্যবসায়ীরা। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, যেকোনো পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি এবং বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। সে লক্ষ্যে ২০২৩ সালে পৌর শহরের দমদমা-কালীগঞ্জ মহল্লায় ৫০ শতক জমির ওপর প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক কসাইখানা। কিন্তু সেখানে আজও কোনো পশু জবাইয়ের কাজ হচ্ছে না। শুধু কসাইদের আনাগোনা রয়েছে।
সর্বশেষ চলতি বছরের ২ জুন একটি গরু জবাইয়ের মধ্য দিয়ে কসাইখানাটির উদ্বোধন করা হয়। পরে জবাই করা গরুর মাংস প্রক্রিয়াজাত করার পদ্ধতিও প্রদর্শন করা হয়। এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এরপর আর কোনো পশু সেখানে জবাইয়ের খবর পাওয়া যায়নি।
শহরের বিভিন্ন বাজারের কসাইদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু পরিবহণ ও মাংস বাজারে আনার বাড়তি ভোগান্তির কারণে তারা সেখানে যেতে আগ্রহী নন। ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।
এমনকি শহরের চাপাতলী মহল্লায় সনাতনী পদ্ধতিতে পশু জবাইয়ের জন্য যে জবাইখানা রয়েছে, সেখানেও এখন আর পশু জবাই করা হচ্ছে না।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে কসাইখানাটির নির্মাণকাজ শুরু হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে চলতি বছরের জুনে শেরপুর পৌরসভার কাছে স্থাপনাটি হস্তান্তর করে প্রাণিসম্পদ কার্যালয়।
শহরের যত্রতত্র পশু জবাই বন্ধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত এবং পরিবেশদূষণ কমানোই ছিল আধুনিক কসাইখানাটি নির্মাণের মূল উদ্দেশ্য। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন ভেটেরিনারি সার্জন এবং জবাইয়ের ধর্মীয় নিয়ম পালনের জন্য একজন আলেম নির্ধারিত রয়েছেন। কেউ পশু জবাই করতে নিয়ে এলে তারা সেখানে উপস্থিত হবেন।
শহরের চাপাতলী এলাকার মাংস ব্যবসায়ী সুরুজ আলী বলেন, কসাইখানাটা শহর থেইকা অনেক দূরে। গরু নিয়া ওইহানে যাইতে গাড়ি লাগবো, আবার জবাই করার পর মাংস বাজারে আনতে হইবো। দুইবার গাড়িভাড়া দিলে আমাগো খরচ তো বাড়বই। এই খরচ দিয়া ব্যবসা করা কঠিন হইয়া যাইবো।
শহরের প্রাণকেন্দ্র নয়ানী বাজারের মাংস ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, কসাইখানা বানানোর আগে আমাগো লগে যদি একবার কথা কইতো, তাইলে আমরা কইতাম কী সমস্যা হইতে পারে। জায়গাটা কইরা দিলেই তো হইবো না, আমাগো ব্যবসাটাও তো চালাইতে হইবো। এখন এত টাকা খরচ কইরা বানাইছে, কিন্তু কেউ ব্যবহারই করতেছে না। তাইলে লাভ কী হইল?
তবে মাংস ব্যবসায়ীরা নিয়ম মানতে অনীহার কারণেই নানা অজুহাত দিচ্ছেন বলে মনে করেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে দমদমা-কালীগঞ্জ এলাকার এক বাসিন্দা বলেন, এটা আধুনিক কসাইখানা। ইচ্ছা করলেই অসুস্থ বা খোঁড়া পশু জবাই করা যাবে না। ডাক্তার আগে পরীক্ষা করবেন, তারপর জবাই হবে। এই ভয়ে কেউ গরু বা খাসি নিয়ে আসছেন না। তবে আমরা চাই, আধুনিক কসাইখানাটি দ্রুত ব্যবহার করা হোক।
পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন বয়েজ’-এর সাধারণ সম্পাদক মারুফুর রহমান বলেন, শহরের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং বাজারের মধ্যে যেখানে-সেখানে পশু জবাই করায় রক্ত ও বর্জ্য রাস্তায় পড়ে থাকে। এতে পরিবেশ নষ্ট হয়। তাই পরিবেশবান্ধব আধুনিক কসাইখানাটি চালু করা অত্যন্ত জরুরি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মানের এই কসাইখানা চালু হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের কয়েকটি বাজারের মাংস ব্যবসায়ীরা সেখানে যেতে চাইছেন না। তাদের বোঝানোর চেষ্টা চলছে। তাতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এ বিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা যুগান্তরকে বলেন, মাংস ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তাদের কসাইখানায় যাওয়ার জন্য পরিবহণ সুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এরপরও তারা সেখানে যেতে রাজি না হলে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া শুক্রবার থেকে কয়েকজন কসাই সেখানে এসে পশু জবাই করতে রাজি হয়েছেন।

