স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষার্থী, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীর পাড়ে অবস্থিত মুজিবনগর ইউনিয়নের ‘ধলার চর মোতাহার ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ চরম অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে এসেছে। বিদ্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গরু-ছাগলের খোঁয়াড়ে।
এ ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় স্থানীয় লোকজন অবাধে গরু-ছাগল বেঁধে রেখেছেন। প্রতিদিনই বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষক মামুন তড়িঘড়ি করে নিজেই বিদ্যালয়ের আঙিনা ও কক্ষ পরিষ্কারের কাজে হাত লাগান।
এদিকে গত সোমবার (২৩ নভেম্বর) বিদ্যালয়টিতে গেলে কর্মরত চারজন শিক্ষকের মধ্যে দুজনকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া যায়। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. এনামুল এহসান।
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, অননুমোদিত অনুপস্থিতি সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিদ্যালয়টির শিক্ষার্থী উপস্থিতির তথ্যেও বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, মোট ৬০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকদের দাবি অনুযায়ী, এর মধ্যে ৩৮ জন নিয়মিত ক্লাশ করে। তবে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব মিলিয়ে মাত্র সাতজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দাপ্তরিক ও ব্যক্তিগত জরুরি কাজের কারণে সেদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে চায় না। নিচতলায় গরু-ছাগল রাখার বিষয়টি স্থানীয়দের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা মানছেন না।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান জানান, বিদ্যালয়ে শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি সরকারি বিধিমালার পরিপন্থি। ইতিমধ্যে অভিযুক্ত দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বিষয়টি নজরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা ও নিচতলায় গরু-ছাগল রাখা কোনোভাবেই কাম্য নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

