ফতুল্লায় পুলিশ হত্যা
পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামি রিয়াজ আহমেদ ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ গুলি ছুড়লে পায়ে বিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে ডেভিড। তখন তাকে (২৮) গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতার অন্যরা হলেন, আব্দুল্লাহ (৩২), আদর (২২), জাবেদ কায়সার ওরফে আজাদ (৪০), আব্দুস সামাদ (২৩) ও মাহমুদুল হাসান (২২)।
পুলিশের একাধিক সূত্র জানান, ডেভিডকে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২২ নভেম্বর ফতুল্লার পশ্চিম দেওভোগে হাসেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে খুন হন সদরের শীতলক্ষ্যা ফাঁড়ির পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দত্তখন্ড গ্রামের জরর মোল্লার ছেলে।

