‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
ওসি ফয়জুল আজীম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ও দাগনভূঞা পৌর কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া ওই অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সনিকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি।
এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
সনি কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
কথোপকথনের একপর্যায়ে সনি ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এছাড়া দুই লাখ টাকা দেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি। তার দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানান। এছাড়া ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে তিনি ওসিকে দুই লাখ টাকা ঘুস দেন বলে দাবি করেন; কিন্তু টাকা নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
সনি আরও অভিযোগ করেন, জামিনে মুক্তির পরও ওসি তাকে নিজের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন এবং আপত্তিকর ইঙ্গিত দেন। এতে সাড়া না দিলে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বানিয়ে গ্রেফতারের ভয় দেখানো হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির বিরুদ্ধে বিচার দাবি করেছেন তিনি।
তবে সনির তোলা অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। অডিওতে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামি গ্রেফতারের জন্য কৌশল হিসেবে তাকে বাসায় আসতে বলেছিলেন। অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাকে ডেকেছিলেন, এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, অডিও রেকর্ডটি ফ্যাক্ট চেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। যাচাই-বাছাইয়ে এর সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
