ডিসেম্বর ঘিরে হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি
|
ফলো করুন |
|
|---|---|
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে কেউ যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টহল জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ড্রোন, নাইটভিশন ডিভাইস এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং নারী ও শিশুপাচার রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের ঘটনা এবং ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সীমান্তে এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইট দিয়ে নজরদারি চলছে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী এবং আমদানিকৃত পণ্যবাহী ট্রাক ভালোভাবে তল্লাশি করে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
হিলি সীমান্ত এলাকার বাসিন্দা রায়হান হোসেন বলেন, বাইরে থেকে অপরিচিত কোনো মানুষ এলাকায় এলে অবশ্যই যেন বিজিবিকে জানাই- সেই আহ্বান জানানো হয়েছে। আগে সীমান্তে একজন করে বিজিবি সদস্য টহল দিলেও এখন দলবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন তারা।
আরেক বাসিন্দা আব্দুস সালাম ও নূর ইসলাম জানান, সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এই কঠোর অবস্থান এলাকাবাসীর জন্য স্বস্তিদায়ক।
অপর বাসিন্দা বাদশা বলেন, বিজিবি দিনে ও রাতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলেই পরিচয়পত্র ও ঠিকানা যাচাই করা হচ্ছে। এতে বিনা পাসপোর্টে কারও দেশে ঢোকার সুযোগ নেই।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির গুজব রয়েছে। কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সেজন্য সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়েছে। থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাযুক্ত ড্রোন সিস্টেমের মাধ্যমে দিনে ও রাতে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক যন্ত্রাংশ, থার্মাল নন-লেথাল উইপন এবং ফায়ার কন্ট্রোল ইকুইপমেন্টসহ বিজিবির রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
