প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
সম্পর্ক ভেঙে গেলেও সাবেক সঙ্গীর দেওয়া কিছু উপহার অনেকের কাছেই রয়ে যায়। কারও কাছে সেগুলো পুরোনো দিনের স্মৃতি, কারও কাছে আবার নিত্যব্যবহার্য জিনিস। কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর পর এসব উপহার নিয়ে তৈরি হতে পারে অস্বস্তি কিংবা ঈর্ষা। তখন প্রশ্ন ওঠে, প্রাক্তনের দেওয়া উপহার কি রেখে দেওয়া উচিত? আর নতুন সঙ্গীকে কি জানানো দরকার, জিনিসটি সাবেক সঙ্গীর কাছ থেকে পাওয়া?
প্রাক্তনের উপহার রেখে দেন কতজন?
সাবেক সঙ্গীর দেওয়া উপহার রেখে দেওয়ার প্রবণতা যে বেশ সাধারণ, তা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ৮৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত একটি প্রাথমিক গবেষণায়। এতে দেখা গেছে, ৭১ শতাংশ নারী ও ৭২ শতাংশ পুরুষ সাবেক সঙ্গীর দেওয়া অন্তত একটি উপহার এখনো সংরক্ষণ করে রেখেছেন। এসব উপহারের মধ্যে পোশাক ও গয়নার সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
তবে উপহারগুলো রেখে দেওয়ার পেছনে নারী ও পুরুষের কারণ এক নয়। নারীরা সাধারণত পুরোনো সম্পর্কের স্মৃতি ধরে রাখতে এসব জিনিস রেখে দেন। অন্যদিকে, পুরুষদের বড় একটি অংশের কাছে উপহারগুলো প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য হওয়ায় সেগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।
কেন ফেলে দিতে পারেন না পুরোনো উপহার?
সাবেক সঙ্গীর দেওয়া উপহার শুধু একটি বস্তু নয়, অনেক সময় তা হয়ে ওঠে জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক। উপহারটি হাতে নিলে মনে পড়ে যেতে পারে একসময়কার সম্পর্ক, ভালোবাসা কিংবা একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা।
সাদ ও গিলের (২০০৩) একটি বিবর্তনীয় মনোবিষয়ক গবেষণায় বলা হয়েছে, উপহার দেওয়ার মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী নিজের ভালোবাসা ও প্রতিশ্রুতি প্রকাশ করেন। একই সঙ্গে আর্থিক সক্ষমতারও ইঙ্গিত দেন। ফলে সাবেক সঙ্গীর দেওয়া কোনো উপহার মনে করিয়ে দিতে পারে, একসময় কেউ আমাদের জন্য সময়, অর্থ ও প্রচেষ্টা ব্যয় করেছিলেন। এ কারণেই সম্পর্ক শেষ হলেও উপহারটি সহজে ফেলে দেওয়া অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে।
নতুন সঙ্গী কীভাবে দেখেন এসব উপহার?
সাবেক সঙ্গীর উপহার রেখে দেওয়ার বিষয়টি বর্তমান সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সম্পর্কে থাকা ৭৬ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর একটি জরিপ করা হয়। অংশগ্রহণকারীদের কল্পনা করতে বলা হয়েছিল, তাদের বর্তমান সঙ্গী আগের সম্পর্কের কিছু উপহার এখনো রেখে দিয়েছেন।
জরিপে দেখা গেছে, সব ধরনের উপহার নিয়ে নতুন সঙ্গীর অস্বস্তি সমান নয়। সাবেক সঙ্গীর দেওয়া সোয়েটার রেখে দেওয়াকে তারা খুব একটা আপত্তিকর মনে করেননি। তবে প্রায় এক-তৃতীয়াংশ অংশগ্রহণকারী সাবেক সঙ্গীর সঙ্গে তোলা ছবি সংরক্ষণ করায় আপত্তি জানিয়েছেন।
উপহারটি কেন রাখা হয়েছে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। জরিপে ৫৯ শতাংশ অংশগ্রহণকারী পুরোনো স্মৃতি ধরে রাখার জন্য উপহার সংরক্ষণ করাকে স্বাভাবিক বলে মনে করেছেন। বিপরীতে, ১৭ শতাংশ এ কারণে অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।
আবার উপহারটি ব্যবহারযোগ্য বলে রেখে দেওয়া হয়েছে, এমন ব্যাখ্যাকে ৫৪ শতাংশ অংশগ্রহণকারী গ্রহণযোগ্য মনে করেছেন। তবে সাবেক সঙ্গীর প্রতি এখনো আবেগ রয়েছে কিংবা তাকে ভুলতে না পারার কারণে উপহার রেখে দেওয়া হলে নতুন সঙ্গীদের অস্বস্তি তুলনামূলক বেশি। এ ধরনের ব্যাখ্যায় ২৯ শতাংশ অংশগ্রহণকারী অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।
সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন কেন ঈর্ষার কারণ হয়?
নতুন সঙ্গী সাবেক সম্পর্কের উপহার নিয়ে কেন অস্বস্তি বোধ করেন, তার ব্যাখ্যা পাওয়া যায় বিবর্তনীয় মনোবিজ্ঞানে। ঈর্ষাকে অনেক সময় প্রিয় সম্পর্কের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর হুমকির সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে সাবেক সঙ্গীকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করাটা অস্বাভাবিক নয়।
গবেষণায় দেখা গেছে, বিচ্ছেদের পর অনেকেই আবার সাবেক সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ান। যুক্তরাষ্ট্রের তরুণ প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত একটি গবেষণায় এ হার ছিল ৪৪ শতাংশ। অন্য কিছু গবেষণায় এ হার ৬০ শতাংশেরও বেশি পাওয়া গেছে। ফলে সাবেক সঙ্গীর দেওয়া উপহার নতুন সঙ্গীর মনে পুরোনো সম্পর্ক আবার ফিরে আসার আশঙ্কা তৈরি করতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন রেখে দেওয়ার বিষয়টি পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি অস্বস্তি তৈরি করে। পুরুষেরা নিজেরাও ভালোভাবে শেষ হওয়া সম্পর্কের উপহার রেখে দেন। তবে তিক্ত বিচ্ছেদ হলে সেগুলো ফেলে দেওয়ার প্রবণতা দেখা যায়। অন্যদিকে, সম্পর্ক খারাপভাবে শেষ হলেও নারীরা তুলনামূলক বেশি উপহার সংরক্ষণ করেন।
এর একটি কারণ হতে পারে, সঙ্গীর অবিশ্বস্ততার আশঙ্কা পুরুষদের বেশি বিচলিত করে। সাবেক সঙ্গীর দেওয়া উপহার তাদের মনে করিয়ে দিতে পারে, বর্তমান সঙ্গীর জীবনে আগে অন্য কেউ ছিলেন। এ ছাড়া পুরুষেরা সম্পর্ক গড়ার ক্ষেত্রে তুলনামূলক বেশি উপহার দেন। তাই অন্য পুরুষের দেওয়া উপহারকে তারা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিনিয়োগ হিসেবেও দেখতে পারেন।
অন্যদিকে, নারীরা উপহারের আর্থিক ও আবেগগত মূল্যের কারণে সেগুলো রেখে দিতে পারেন। তাদের কাছে উপহারটি হয়তো জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক। সম্পর্ক খারাপভাবে শেষ হলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি মুছে যায় না।
তাহলে উপহারটি রেখে দেওয়া কি ভুল?
সাবেক সঙ্গীর দেওয়া উপহার আলমারিতে পড়ে থাকলেই যে বর্তমান সম্পর্কে সমস্যা তৈরি হবে, এমন নয়। বিষয়টি নির্ভর করে উপহারটি রাখার কারণ এবং সাবেক সঙ্গীর সঙ্গে বর্তমান আবেগের সম্পর্কের ওপর।
যেমন, আলমারিতে রাখা সাবেক সঙ্গীর দেওয়া একটি লাল সোয়েটার নিয়ে নতুন সঙ্গীর আপত্তি না-ও থাকতে পারে। কিন্তু সেটি রাখার পেছনে যদি এখনো পুরোনো সম্পর্কের প্রতি আবেগ বা ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে, তাহলে বিষয়টি নতুন সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।
উপহারটি যদি কেবল পুরোনো দিনের স্মৃতি হয় এবং সাবেক সঙ্গীর সঙ্গে কোনো অসমাপ্ত সম্পর্ক না থাকে, তাহলে সেটি রেখে দেওয়ায় দোষের কিছু নেই। চাইলে ব্যবহারও করা যেতে পারে। তবে নতুন সঙ্গীর অনুভূতি ও স্বস্তির বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

