তালাকপ্রাপ্ত স্ত্রী যেভাবে মৃত সাবেক স্বামীর সম্পত্তি পাবেন?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
একাধিক বিয়ে এবং বিবাহবিচ্ছেদের পর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি দুই বিয়ে করার পর প্রথম স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হলে সম্পত্তির ভাগ কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা যায়।
আইন অনুযায়ী, স্বামীর মৃত্যুর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তালাক কার্যকর হয়ে থাকলে সাবেক স্ত্রী সাধারণত তার সম্পত্তির উত্তরাধিকারী হন না। তবে ওই স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া সন্তান বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হিসেবে অধিকার পাবেন। অর্থাৎ মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হলেও সন্তানের উত্তরাধিকার অধিকার নষ্ট হয় না।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা প্রথম আলোর পাঠকের প্রশ্নের জবাবে সম্পত্তি বণ্টনের বিষয়টি ব্যাখ্যা করেছেন।
ধরা যাক, কোনো ব্যক্তির প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে রয়েছে। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি ছেলে ও তিন মেয়ে জন্ম নেয়। ওই ব্যক্তির মৃত্যুর সময় দ্বিতীয় স্ত্রী তাঁর বৈধ স্ত্রী হিসেবে জীবিত থাকলে তিনি স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবেন।
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, মৃত ব্যক্তির সন্তান থাকলে জীবিত স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন। ফলে আলোচ্য উদাহরণে দ্বিতীয় স্ত্রী পাবেন মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ।
অন্যদিকে, প্রথম স্ত্রীর ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েরা সবাই বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হবেন। সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ের দ্বিগুণ অংশ পাবেন। অর্থাৎ ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি বণ্টনের অনুপাত হবে ২:১।
সুতরাং প্রথম স্ত্রী তালাকপ্রাপ্ত হলেও তার সন্তান বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। একইভাবে দ্বিতীয় স্ত্রী বৈধভাবে বিবাহিত অবস্থায় স্বামীর মৃত্যু হলে তিনি উত্তরাধিকার হিসেবে নির্ধারিত অংশ পাবেন।
তবে বাস্তবে সম্পত্তি বণ্টনের আগে মৃত ব্যক্তির ঋণ, দাফন-কাফনের যুক্তিসংগত ব্যয়, বৈধ ওসিয়ত এবং অন্যান্য উত্তরাধিকারীর অধিকার বিবেচনায় নিতে হবে। এসব বিষয় নিষ্পত্তির পর অবশিষ্ট সম্পত্তি আইন অনুযায়ী বণ্টন করতে হয়।

