মামার সন্তান নেই, নানার সম্পত্তিতে ভাগনের অধিকার কতটুকু?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নানা-নানির সম্পত্তিতে নাতি-নাতনির অধিকার কতটুকু, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে কোনো মামা নিঃসন্তান হলে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। এমনই এক প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
এক পাঠক তার প্রশ্নে জানান, তার মা ও মামা দুই ভাই-বোন। মামার কোনো সন্তান নেই এবং চিকিৎসকেরা জানিয়েছেন, ভবিষ্যতেও তার সন্তান হওয়ার সম্ভাবনা নেই। ওই পাঠক তার মায়ের একমাত্র ছেলে। তাদের নানার বেশ কিছু সম্পত্তি রয়েছে। এদিকে মামার সন্তান না হওয়ায় নানার সম্পত্তি ভাগনে পেতে পারেন— এমন ধারণা থেকে তার চাচাতো মামারা সম্পত্তির একটি অংশ দখলে নিয়ে দোকান নির্মাণ করছেন।
এ অবস্থায় নানা মারা গেলে সম্পত্তির ভাগ কীভাবে নির্ধারিত হবে এবং নিঃসন্তান মামার সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন, তা জানতে চান তিনি।
জবাবে আইনজীবী বলেন, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির একমাত্র মালিক তিনি নিজেই। তিনি চাইলে আইন মেনে জীবদ্দশায় যেকোনো ব্যক্তিকে সম্পত্তি দান বা হেবা করতে পারেন। এ ক্ষেত্রে অন্য কেউ তাকে বাধা দিতে পারবেন না। তবে দান কার্যকর করতে ঘোষণা, গ্রহণ ও আইন অনুযায়ী নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, নানার মৃত্যুর পর মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী তার সম্পত্তি বণ্টন হবে। প্রশ্নে উল্লেখিত পরিস্থিতিতে নানা মারা গেলে তার স্ত্রী অর্থাৎ নানি স্বামীর সম্পত্তির এক-অষ্টমাংশ পাবেন। অবশিষ্ট সম্পত্তি ছেলে ও মেয়ের মধ্যে দুই অনুপাতে বণ্টন হবে। অর্থাৎ মামা পাবেন অবশিষ্ট সম্পত্তির দুই-তৃতীয়াংশ এবং প্রশ্নকারীর মা পাবেন এক-তৃতীয়াংশ।
তবে নানা জীবিত থাকতেই চাইলে তার সম্পত্তি হেবা বা দানের মাধ্যমে নানি, ছেলে ও মেয়ের মধ্যে বণ্টন করে দিতে পারেন। সে ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
মামার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার প্রসঙ্গে আইনজীবী বলেন, মামা নিঃসন্তান হলে তার স্ত্রী স্বামীর সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন। মামার মৃত্যুর সময় তার মা অর্থাৎ নানি জীবিত থাকলে তিনি এক-তৃতীয়াংশ পাবেন। নানার মৃত্যু আগে হয়ে থাকলে অবশিষ্ট অংশ মামার বোন অর্থাৎ প্রশ্নকারীর মা পাবেন। পরবর্তী সময়ে মায়ের উত্তরাধিকার হিসেবে ওই সম্পত্তি তার ছেলের কাছে আসবে।
অন্যদিকে, নানার সম্পত্তিতে অন্য আত্মীয়দের দখল নিয়ে কোনো বিরোধ তৈরি হলে সম্পত্তির প্রকৃত মালিকানা ও উত্তরাধিকার নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
