‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করে তার সঙ্গে বন্ধুত্ব ও পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন অপু। তবে কে এই ব্যক্তি, তা নিয়ে চলছে আলোচনা।
বুধবার (১৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে তার হাত ধরে থাকতে দেখা যায় অপুকে। এ ছাড়া রয়েছে তাদের একটি সেলফি।
অপুর এই পোস্ট ঘিরে নেটিজেনদের কৌতূহলের কারণ, সাধারণত কাউকে নিয়ে এভাবে প্রকাশ্যে পোস্ট করতে দেখা যায় না তাকে। তাই ছবিতে থাকা ব্যক্তির পরিচয় এবং অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’
পোস্টের শেষাংশে ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
এদিকে পোস্টটি প্রকাশের পর নিজের কমেন্ট বক্স বন্ধ করে দেন অপু বিশ্বাস। ফলে সেখানে কেউ মন্তব্য করতে পারছেন না। অন্যদিকে, ছবিতে থাকা ব্যক্তির পরিচয়ও সরাসরি প্রকাশ করেননি অভিনেত্রী।
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।
অভিনয় থেকে কিছুটা দূরে সরে গত কয়েক বছর ধরে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কর্মকাণ্ডে ওই ব্যক্তির পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন তিনি। তবে তাদের সম্পর্ক কেবল ব্যবসায়িক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরে অন্য কোনো সমীকরণ রয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে নেটিজেনদের কৌতূহলও কাটছে না।

-6ad0ec2805f97.jpg)