দিলজিতের কনসার্টে নিরাপত্তা নিয়ে এতো তোড়জোড় কেন?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
ভারতীয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তার কারণে সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্টের অনুমতি দেওয়া হয়নি— এমন খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ায় অনুষ্ঠানটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ‘বুকমাইশো’ জানায়, কনসার্ট বাতিল হয়নি।
আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত দিনেই ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সংগীত পরিবেশন করবেন পাঞ্জাবি সংগীতশিল্পী চিলজিৎ দোসাঞ্জ। তবে অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বড় প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে পুলিশ। স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার জন্য আরও বেশি পথ খোলা রাখার কথাও বলা হয়েছে। তবে কনসার্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংগীতশিল্পী দিলজিৎ বললেন, ‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে।’
প্রাথমিক পরিকল্পনায় কনসার্টে ৪০০ বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনা করে এখন দেড় থেকে দুই হাজার নিরাপত্তাকর্মীর প্রয়োজন হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। ভিড় সামলাতে পুলিশ ও আয়োজকরা একসঙ্গে কাজ করবেন।
আবার যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্টেডিয়ামের চারপাশের ৫০০- ৭০০ মিটার এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। নির্দিষ্ট কয়েকটি এলাকায় শুধু শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এদিকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৫৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগভাগেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে দর্শকদের আরও কাছে পৌঁছাতে দিলজিতের পারফরম্যান্সের র্যাম্প বড় করার পরিকল্পনাও করছেন আয়োজকরা। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নিরাপত্তার দিকটি পর্যালোচনা এবং প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

