নাম বদলাতেই খুলে যায় ভাগ্য, কে এই গ্র্যামি মনোনীত গায়িকা শিল্পা রাও?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংগীতশিল্পী শিল্পা রাও বলিউড বাদশাহ শাহরুখ খানের 'জওয়ান' সিনেমার রোমান্টিক গান 'চালেয়া'-তে কণ্ঠের প্রশংসা পাওয়ার পর তার ক্যারিয়ারে এক বড় পরিবর্তন আসে। সেই গানের জন্য তিনি ২০২৫ সালে শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 'ঘুঙরু', 'চালেয়া', 'বেশরম রঙ', 'ছুট্টামালে' এবং 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার মতো গানগুলো ইন্ডাস্ট্রিতে শিল্পা রাওকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।
শিল্পার সংগীত শুধু হিন্দি চলচ্চিত্রেই সীমাবদ্ধ নেই। তিনি প্রখ্যাত সেতার বাদক আনুশকা শঙ্করের 'লাভ লেটার্স' অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। অ্যালবামটি ২০২১ সালে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন লাভ করে। এই সাফল্য শিল্পা রাওয়ের সংগীতযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সংগীতশিল্পী শিল্পা রাও। ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে গান গাইতে উঠে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।
এ নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে দুঃখ ও প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন শিল্পা রাও। জানা গেছে, গান গাইতে গাইতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আর শিল্পা রাওয়ের পারফরম্যান্স আচমকা থামিয়ে দিতেই শুরু হয় হট্টগোল। আচমকা মাইক্রোফোন এবং মঞ্চের আলো নিভিয়ে দিতেই জোর চর্চা শুরু হয়েছে।
শিল্পা রাওকে ঘিরে বিতর্কের পর তার স্বামী দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, শিল্পার সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শিল্পা রাও বলিউডকে অনেক স্মরণীয় গান উপহার দিয়েছেন। যে কণ্ঠ আজ বিশ্বজুড়ে প্রশংসিত, তা একসময় মারাত্মকভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। এ সংগীতশিল্পী তার গলার আওয়াজের কারণে অসংখ্য প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার কণ্ঠ দিয়ে বলিউডে নিজের একটি আলাদা স্থান তৈরি করেছেন, এখন চলচ্চিত্র জগতের অন্যতম চাহিদাসম্পন্ন প্লেব্যাক গায়িকা শিল্পা রাও।
তবে চলচ্চিত্র জগতে পৌঁছানোর আগে তার যাত্রা শুরু হয়েছিল ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। শিল্পা প্রায় তিন বছর ধরে বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল রেকর্ড করেছিলেন। সেই সময় তার কণ্ঠ ঘরে ঘরে পৌঁছালেও খুব কম লোকই তার নাম জানত। চলচ্চিত্রে গান গাওয়ার আগে শিল্পা ক্যাডবেরি মাঞ্চ, সানসিল্ক এবং অ্যাঙ্কর জেলের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন। এ সময়ে তিনি স্টুডিও রেকর্ডিংয়ের খুঁটিনাটি বোঝার এবং নিজের কণ্ঠ নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন।
শিল্পার সংগীত যাত্রায় শঙ্কর মহাদেবনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শঙ্কর মহাদেবনের নির্দেশনায় শিল্পা রাও ছোটপরিসরে শুরু করতে কোনো দ্বিধা দেখাননি। শিল্পা নিজেও বারবার এই সময়কালকে তার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। একটানা জিঙ্গেল রেকর্ড করার অভিজ্ঞতা তার কারিগরি দক্ষতাকে আরও শক্তিশালী করেছিল এবং স্টুডিওর বিভিন্ন প্রয়োজনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিল।
উল্লেখ্য, সংগীতশিল্পী শিল্পা রাওয়ের আসল নাম অপেক্ষা রাও। তিনি জামশেদপুরে জন্মগ্রহণ করেন। বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে শিল্পা তার নাম পরিবর্তন করেন। অপেক্ষা থেকে শিল্পা নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে এ গায়িকা বলেন, 'শিল্প' শব্দটি 'ক্র্যাফট' থেকে উদ্ভূত হওয়ায় এ নামটি তাকে তার শিল্পের আরও কাছাকাছি অনুভব করাত।

-6adf5def1ade5.jpg)