১৫৫ নায়িকার সঙ্গে অভিনয় মীর সাব্বিরের, প্রথম ছিলেন কে?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে কাজ করার পাশাপাশি এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রথম নায়িকার নামও প্রকাশ করেছেন তিনি। তার সর্বশেষ সহশিল্পী ছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
মীর সাব্বির জানান, ক্যারিয়ারে কখনো নির্দিষ্ট কোনো অভিনেত্রীর সঙ্গে জুটি গড়ে কাজ করেননি তিনি। নির্মাতারা যে অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন, তার সঙ্গেই কাজ করেছেন। মূলত এ কারণেই সমসাময়িক অনেক অভিনেতার তুলনায় তার নায়িকার সংখ্যা বেশি।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, দীর্ঘ অভিনয়জীবনে কখনো জুটি নির্ভর হয়ে কাজ করেননি তিনি। পরিচালকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। ফলে তার সঙ্গে কাজ করা নায়িকার সংখ্যাও বেড়েছে।
অভিনয়জীবনে মীর সাব্বিরের সহশিল্পী হিসেবে দেখা গেছে জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীদের। পাশাপাশি বর্তমান সময়ের অনেক অভিনেত্রীর সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।
তবে এত দীর্ঘ ক্যারিয়ারে তার প্রথম নায়িকা কে ছিলেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। এ প্রশ্নের উত্তরে মীর সাব্বির জানান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে তার অভিনয়জীবনের যাত্রা শুরু। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে নায়িকা ছাড়াই বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। পরে ২০০০ সালের শুরুর দিকে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধেন। নাটকটির প্রযোজক ছিলেন আবু তাহের। এরপর গোলাম ফরিদা ছন্দার সঙ্গে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির।
অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। এবার তার পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’। এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে শিগগিরই ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

