‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
শাহরুখ খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
৬২তম জন্মদিনে তার ভক্ত-অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে এসেছে সোমবার (২ নভেম্বর)। এ গান নিয়ে আবার শাহরুখ ও দীপিকার রসায়ন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। নাচের দৃশ্যগুলোও প্রশংসিত হচ্ছে। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর, কথা লিখেছেন কুমার। কোরিওগ্রাফার পীযূষ-শাজিয়া জুটি।
এর আগে পীযূষ-শাজিয়া জুটি ‘রুহি’, ‘ভেড়িয়া’ ও ‘লাইগার’-এর নাচের দৃশ্য পরিচালনা করেছেন। তবে তারা এখনো নিজেদের নতুন বলেই মনে করেন। সিদ্ধার্থ আনন্দের আগের ছবি ‘ফাইটার’-এর ‘হীর আসমানি’ গানটির নৃত্যপরিচালনাও ছিল তাদেরই। সেই সূত্রেই দীপিকার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা ছিল তাদের। তবে শাহরুখের সঙ্গে এই প্রথম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার পীযূষ-শাজিয়া বলেন, 'কর্মজীবনের এত অল্প সময়ে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ সবার হয় না। হয়তো অন্যদের থেকে আমাদের কাজের ধরন কিছুটা আলাদা। সে কারণেই এত বড় সুযোগ পেয়েছি।'
এ যুগল নৃত্যপরিচালক বলেন, তাদের কাজের মধ্যে নতুন ভাবনা দেখেছিলেন সিদ্ধার্থ। প্রায় এক বছর আগেই এ গানের দায়িত্ব তাদের হাতে তুলে দেন পরিচালক। শাহরুখও তাদের নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন। তারা বলেন, 'শাহরুখকে কুর্নিশ জানাতেই হয়। আমাদের নতুন ভাবনা বুঝতে পেরেছেন তিনি। নতুন কিছু করার প্রস্তাব দিয়েছি, শুটিংয়ের ধরন নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই তিনি আগ্রহ দেখিয়েছেন।'
‘তু মিল জায়ে’ যে আর পাঁচটা নাচের গানের মতো নয়, তা স্পষ্ট করেছেন পীযূষ-শাজিয়া। তারা বলেন, 'এই গানটির নাচ তৈরি করা বেশ কঠিন ছিল। কারণ এটি একেবারে নাচের গান নয়। বরং একটা আবহ, একটা অনুভূতি রয়েছে। তাই নাচের ভঙ্গিও সেই মেজাজের সঙ্গে মানানসই করতে হয়েছে।'
তবে গানটিতে শুধু প্রেমের আবহ রাখতে চাননি তারা। শাহরুখের চরিত্রের মধ্যে যে তীব্রতা এবং হিংস্রতার ছাপ রয়েছে, সেটিও গানের দৃশ্যায়নে তুলে ধরতে চেয়েছেন। তাই রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে অ্যাকশনের ঝলক। গানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘হুক স্টেপ’। সেটিও তৈরি করা হয়েছিল শাহরুখের নিজস্ব নাচের ধরন মাথায় রেখে।
পীযূষ-শাজিয়া বলেন, শাহরুখ নিজেই বলেছিলেন— যতক্ষণ না আমি ভালো করে নাচটা করতে পারছি, ততক্ষণ আমাকে মহড়া করতে দিও। শাহরুখের এই পরিশ্রম এবং সহকর্মীদের প্রতি তার আচরণ মুগ্ধ করেছে এ নৃত্যপরিচালক জুটিকে।

