যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত নানারকম ছবি, ইঙ্গিত ও নানা ‘ক্লু’ ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল। কাকে বিয়ে করেছেন এ গায়িকা? বারবার উঠে এসেছে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের নাম। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন আসাদ নূর।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এ ব্লগার। সেই সঙ্গে বিয়ের পেছনের উদ্দেশ্য এবং এ নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনারও জবাব দেন তিনি।
এ ব্লগার বলেন, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন। সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ জন্য মূল তথ্যটি গোপন রেখে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন তারা। এমনকি ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে থাকার মধ্য দিয়েও মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন বলে জানান আসাদ নূর।
আসাদ নূর আরও বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাদের এ উদ্যোগ। বিশেষ করে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাধারাকে নাড়া দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান এ ব্লগার। তিনি বলেন, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছে সে। তার ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ ব্লগার।
রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও কথা বলেছেন আসাদ নূর। তিনি বলেন, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।
এ সময় জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও উল্লেখ করেন আসাদ নূর বলেন, জুলাই আন্দোলনের সময় পারশা ছিলেন আলোচিত ‘পোস্টার গার্ল’। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে তিনি জুলাইপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান আসাদ নূর।

