Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ এএম

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ও তার স্বামী ব্লগার আসাদ নূর।

Advertisement

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন সংগীতশিল্পী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় তার গাওয়া গানও ব্যাপক আলোচনায় আসে। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখেন তিনি। এরপর থেকেই তার বিয়ে, স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বামী হিসেবে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের পরিচয় সামনে আসে। গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে পারশাকে বিয়ের কথা স্বীকার করেন আসাদ নূর। 

তিনি জানান, কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে নয়, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

পারশার পরিবার ও ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর। পাশাপাশি তাদের রাজনৈতিক সম্পৃক্ততা, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর এআই ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।

এদিকে বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন এবং সমালোচনার মুখে এবার দীর্ঘ এক পোস্ট দিয়েছেন পারশা। সেখানে নিজের বিয়ের সিদ্ধান্ত, স্বামীর প্রতি ভালোবাসা, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ 

পারশার ভাষ্য, বিয়ে কোনো ধর্মের একক প্রথা নয়। ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই পৃথিবীর বিভিন্ন সভ্যতায় বিবাহের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল। বিয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য সন্তানসন্ততি উল্লেখ করে তিনি জানান, সন্তানদের প্রতি স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল একজন বাবা তিনি সব সময় চেয়েছেন। আসাদের মধ্যে সেই মানুষটিকেই খুঁজে পেয়েছেন।

নিজের স্বামীর প্রশংসা করে পারশা লিখেছেন, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি তার বাবা ছাড়া আগে কখনো পাননি। তার প্রতিটি কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি আসাদের যত্ন তাকে মুগ্ধ করে। পারশার দাবি, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি শুধু তাকে ভালোবাসবেন না, বরং তার কাজকে সম্মান করবেন এবং তার অনুভূতিও বুঝবেন।

সমালোচকদের উদ্দেশে পারশা আরও লিখেছেন, আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকে একমত না-ও হতে পারেন। তার অনেক বক্তব্য অপছন্দ হতে পারে। এমনকি পারশার নিজেরও আসাদের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। কিন্তু সে কারণে একজন মানুষকে শুধু ‘নাস্তিক’ কিংবা ‘ধর্মহীন’ বিশেষণের মধ্যে আটকে রাখা উচিত নয়। বরং তাকে একজন মানুষ এবং পারশার জীবনসঙ্গী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, প্রথমে তার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তারা নিজেদের আশঙ্কার কথা বুঝিয়েছেন, তবে তাকে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখেননি। কারণ তার পরিবার ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। পারশার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তার লেখা বই ও গবেষণাও রয়েছে। ভাবি নিকাব করেন এবং পরিবারের মধ্যেও পর্দার নিয়ম মেনে চলেন। কিন্তু পরিবারের কেউ কখনো তার গানবাজনা কিংবা জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি।

পারশা মনে করেন, তার পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকেই মনুষ্যত্বের প্রথম পরিচয় হিসেবে দেখেছেন তারা। তার বন্ধুবান্ধবের মধ্যে সব ধর্ম ও বিশ্বাসের মানুষ রয়েছেন। কারও ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজের বিশ্বাসের সঙ্গে অন্যের বিশ্বাস মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলেও উল্লেখ করেন এই শিল্পী। 

ধর্ম পালন করা মানুষের সঙ্গে তার কোনো বিরোধ নেই জানিয়ে পারশা লিখেছেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে তার অবস্থান। বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মের দোহাই দিয়ে নারীবিদ্বেষ ছড়ানোর সমালোচনা করেছেন তিনি। তার মতে, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার একমাত্র তার নিজের।

নিজের শিল্পীসত্তা ও ধর্মীয় পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেছেন পারশা। তিনি জানান, গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ধর্মীয় ব্যাখ্যা ও মতভিন্নতা থাকলেও নিজের জীবনযাপন যে কঠোর ধর্মীয় অনুশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তা তিনি স্বীকার করেন। শিল্পকে বিসর্জন দেওয়া তার কাছে নিজের সত্তাকে অস্বীকার করার মতো।

তবে ইসলাম থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মতো শিক্ষাগুলো তিনি এখনো ধারণ করেন বলে জানিয়েছেন। তার মতে, ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলতে না পারলে শুধু সামাজিক স্বীকৃতির জন্য ধার্মিকতার অভিনয় করার কোনো অর্থ নেই।

এ প্রসঙ্গে নিজের জীবনযাপনের নানা দিক তুলে ধরে পারশা বলেন, তিনি কখনো ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কিছু গ্রহণ করেননি। কারও ক্ষতি করেননি, কাউকে ঠকাননি। বরং পশুপাখির যত্ন নেওয়া এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। নিজের পরিচয় ও অর্জন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। মুখে এক কথা বলে আড়ালে অন্য জীবনযাপন করার অভ্যাস তার নেই বলেও উল্লেখ করেন।

এরপর স্বামী আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেন পারশা। জানান, তাদের দুজনের বেড়ে ওঠার পরিবেশ সম্পূর্ণ আলাদা। পারশা নিজেকে প্রিভিলেজড উল্লেখ করে বলেন, তিনি উত্তরবঙ্গের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছেন। তার বাবা পিএইচডিধারী অধ্যাপক। পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। নিজের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পেয়েছেন।

অন্যদিকে আসাদের বেড়ে ওঠা ছিল ভিন্ন পরিবেশে। তার বাবা একজন হাইস্কুল শিক্ষক। পরিবার ছিল অত্যন্ত ধর্মপ্রাণ। দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আসাদের বাবা তাকে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। আরবি হাতের লেখা সুন্দর ছিল। মক্তবে আজান দেওয়ার পাশাপাশি ওয়াজ মাহফিলে হামদ-নাতও পরিবেশন করতেন তিনি।

পারশার দাবি, মাদ্রাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। তবে সেই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মচর্চা অব্যাহত রেখেছিলেন। নামাজ পড়তেন এবং অন্য মুসলিম শিশুদের মতোই ধর্মীয় অনুশাসন মেনে চলতেন।  

পরবর্তী সময়ে কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হন আসাদ। পারশার বর্ণনা অনুযায়ী, প্রেমকে হারাম বিবেচনা করে তৈরি হওয়া পরিস্থিতিতে আসাদ ও ওই তরুণীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুই পরিবারের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতির সমাধান হয়নি। ওই ঘটনার পর থেকেই আসাদের মনে ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন তৈরি হতে শুরু করে। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও নিজের মতো করে বিচার-বিশ্লেষণের পর একসময় তিনি ধর্মবিশ্বাসের বাইরে চলে যান বলে জানান পারশা।

এখানেই শেষ নয়, আসাদের জীবনের পরবর্তী সময় নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং তাকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় বলে দাবি করেছেন পারশা। তার ভাষ্য, এসব ঘটনার কারণে আসাদ পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি।

পারশার মতে, আসাদের জীবনের অতীত অভিজ্ঞতা এবং সামাজিক প্রত্যাখ্যান তার ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই বদলে গেছেন। জীবনকে নতুন করে দেখছেন, শিখছেন এবং নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন। তাই অতীতের পরিচয়ের ভিত্তিতে তাকে বিচার না করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পারশা।

আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছেন এই শিল্পী। কানাডায় থাকলেও আসাদ দেশীয় খাবার পছন্দ করেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান তিনি। তার মতে, ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আলাদা হওয়ার কথা নয়।

সবশেষে নিজের দেশ, শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে পারশা লিখেছেন, বাংলাদেশ তার দেশ। এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা কারও অনুমতির ওপর নিজের দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।

ভাষা আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছেন, শেকড় উপড়ে ফেলা এত সহজ হলে চাপিয়ে দেওয়া উর্দুর কাছে বাংলা ভাষা কবেই আত্মসমর্পণ করত। যে জাতি নিজের ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষায় বুকের রক্ত দিয়েছে, সেই জাতির একজন সন্তানকে নিজের দেশেই পরবাসী বানানোর চেষ্টা করা উচিত নয়।

বিয়ের খবর প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার জবাবে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে স্বামী আসাদ নূরের অতীত, ধর্মীয় বিশ্বাস এবং নিজেদের সম্পর্কের নানা দিক প্রকাশ্যে এনে নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়েছেন এই সংগীতশিল্পী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা

৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম

৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম