৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেল সংগীতশিল্পী-গীতিকার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং সংগীতশিল্পীর মা শাহরিয়া আখতার বুলু।
মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই।
আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন-এর মতো বিশ্বজোড়া সব ডিজিটাল প্ল্যাটফর্মেই গানগুলো উন্মুক্ত করা হয়েছে। তবে ডিজিটাল মুক্তির পাশাপাশি বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের স্বাদ দিতে সিডি, ক্যাসেট ও একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।
নতুন অ্যালবাম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সিডি-ক্যাসেট প্রকাশের ভাবনা নিয়ে এই শিল্পী আরও যোগ করেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’
‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

