স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ২০১১ সালের একটি ছবির শুটিং চলাকালে তিনি এক পরিচালকের হাতে হেনস্তার শিকার হন। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই সময় বিষয়টি ঘটে যাওয়ার পরও তিনি বুঝতে পারেননি যে তিনি আসলে যৌন হেনস্তার শিকার হয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ ছবির আউটডোর শুটিং চলছিল। সেই সময়ই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
তবে কেন তিনি তখন বুঝতে পারেননি? অভিনেত্রীর কথায়, অভিযুক্ত পরিচালক তাকে গায়ে হাত দিয়ে বা শারীরিকভাবে কোনো নির্যাতন করেননি। আর সেই কারণেই তখন তার মনে হয়েছিল এটি হয়তো বড় কোনো বিষয় নয়।
কিন্তু বহু বছর পর যখন বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলন শুরু হয় এবং অন্য নারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন, তখন নিজের অতীতের সেই ঘটনাটি নতুন করে বুঝতে পারেন স্বরা। তিনি বুঝতে পারেন, সেদিন আসলেই তার সঙ্গে কী হয়েছিল।
স্বরার স্পষ্ট বার্তা, কর্মক্ষেত্রে হেনস্তার অর্থ শুধু শারীরিক নির্যাতন বা জোরজবরদস্তি নয়। মৌখিক আচরণ বা নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়েও নারীদের হেনস্তার মুখে পড়তে হয়।
সেই অভিজ্ঞতা স্মরণ করে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’
সেসময় বলিউডে নিজের জায়গা পাকা করার কঠিন লড়াই লড়ছেন স্বরা। বয়স কম ছিল, ইন্ডাস্ট্রিতে চেনা পরিচিত কেউ না থাকায় নিজেকে ভীষণ একা মনে হয়েছিল তার।
তবে স্বস্তির বিষয় হলো, সেই কঠিন সময়ে ছবির নির্বাহী প্রযোজক তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সহযোগিতাতেই শুটিংয়ের বাকি দিনগুলো পার করেছিলেন তিনি।

-6af9e3524006c.jpg)