|
ফলো করুন |
|
|---|---|
এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এফডিসিতে শিল্পীদের লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য চলচ্চিত্র ১৯ সংগঠন করা হয়েছে। সেই সংগঠনের আহ্বায়ক হিসেবে হেলাল খান ভাই শিল্পী সমিতির সদস্যদের অসম্মান করতে পারেন না। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
জয় চৌধুরী আরও বলেন, ‘১৯ সংগঠনের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম ও জ্ঞান দিয়ে চলচ্চিত্রের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর আমার মনে হয়েছে, শিল্পীদের সম্মান রক্ষায় আমি ব্যর্থ। এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আমি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই পদ থেকে অব্যাহতি ও পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এফডিসিতে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গত পরশুদিনের একটি ঘটনা পুরো ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। হেলাল খান ভাইকে আমি অনেক সম্মান করি। তিনি কেন এমন আচরণ করেছেন, সেটা আমি জানি না। ইন্ডাস্ট্রির ভেতরে যদি কোনো কোন্দল থাকে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যেত। তাঁর সম্মানের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলিনি। কিন্তু তাঁর লোকজন শিল্পী সমিতির সদস্যদের গালিগালাজ করেছে, এফডিসি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে এবং শিল্পী সমিতি ভেঙে ফেলতে চেয়েছে। এটা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে আমরা নিজেরাই সমাধান করতে পারতাম। কিন্তু বাইরের লোক এসে আমার শিল্পীদের অপমান করবে এবং এর কোনো বিচার হবে না-তা আমি সাধারণ সম্পাদক হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না।’
শিল্পীদের নিরাপত্তা নিয়ে আক্ষেপ প্রকাশ করে জয় চৌধুরী বলেন, ‘যিনি আমাদের অভিভাবক, তার কাছেই যদি আমার শিল্পীরা নিরাপদ না থাকেন, তবে সেখানে আমি কীভাবে থাকি?’
জয় চৌধুরী বলেন, ‘শিল্পীরা আমাকে প্রশ্ন করছেন, মুখপাত্র থাকতেও কেন তাদের এভাবে অপমানিত হতে হলো? আমি তাদের কোনো উত্তর দিতে পারিনি।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার এই বার্তা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে এবং আমাদের শিল্পীদের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেবেন তিনি।’
তবে ১৯ সংগঠনের পদ ছাড়লেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার কথা জানিয়েছেন জয় চৌধুরী।
তিনি বলেন, ‘আমার শরীরে যতদিন রক্ত আছে এবং আমি যতদিন দায়িত্বে আছি, আমার শিল্পীদের গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগতে দেব না। শিল্পীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়াই চালিয়ে যাব।’
