সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি। একসময় তাদের সেই সম্পর্কের টানাপোড়েন থেকে ঐশ্বরিয়াকে সুরক্ষিত রাখতে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছিল; তবে মাত্র সাত দিনের মাথায় সেই দায়িত্ব ছেড়ে দেন সাবেক দেহরক্ষী কেতন কারান্দে। কেন এত অল্প সময়ে কাজটি ছেড়ে দিয়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ প্রকাশ্যে এনেছেন তিনি।
‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন কারান্দে জানান, ২০০২ সালের দিকে ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে সাত দিনের জন্য দায়িত্ব পালন করেন তিনি। তখন রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া, যেখানে তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন।
সাংবাদিক কাভেরী বামজাই তার ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে লিখেছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি সালমান খান। কেতনের ভাষ্য অনুযায়ী, মূলত সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
বাড়ি থেকে ঐশ্বরিয়াকে তুলে শুটিং সেটে পৌঁছে দেওয়াই ছিল কেতনের মূল কাজ। একদিন একটি ফ্যাশন শোতে যাওয়ার পর ফেরার পথে সালমানের মুখোমুখি হন তারা।
কেতন জানান, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে সালমান ঢুকে পড়তেন এবং তখন কোনো ঝামেলায় না গিয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে আসাই ছিল তাদের কৌশল। ফ্যাশন শো থেকে ফেরার সময় সালমানকে সামনে দেখে বেশ ভড়কে গিয়েছিলেন বলে জানান তিনি।
কিন্তু সেই ঘটনার পরপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন কেতন। কারণ হিসেবে তিনি বলেন, তিনি সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত, তাই তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মাঝে জড়াতে চাননি বলেই কাজটি ছেড়ে দেন।
সালমান ও ঐশ্বরিয়ার মধ্যকার উত্তেজনার এমন আরও একাধিক ঘটনার কথা ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাভেরী বামজাই তার বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার সেটের ঘটনার কথা উল্লেখ করেছেন, যেখানে সালমানের কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল।
বইয়ের ভাষ্য অনুযায়ী, সেটে ঢুকে সালমান শুটিং আটকে দেন এবং টানা সাড়ে চার ঘণ্টা অশান্ত অবস্থায় থাকেন; ফলে পরিচালক আজিজ মির্জা সিনেমাটি বন্ধ করতে বাধ্য হন। এর প্রভাব শুধু ‘চলতে চলতে’ থেকে ঐশ্বরিয়ার বাদ পড়াতেই সীমাবদ্ধ থাকেনি, বরং ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’-এর মতো প্রজেক্টেও এর ছায়া পড়েছিল।
অতীতে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২)-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া।

