Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঘরে ৭ বছরের সন্তান, কখনো করেননি মডেলিং, স্বেচ্ছাসেবীর কাজ করা কে এই জেনিফার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

ঘরে ৭ বছরের সন্তান, কখনো করেননি মডেলিং, স্বেচ্ছাসেবীর কাজ করা কে এই জেনিফার?

Advertisement

বিশ্বসুন্দরীর মুকুট মাথায় উঠল স্বাগতিক পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তোর। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন। 

এই জয়ে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসেরার খেতাব পেলেন জেনিফার। 

কিন্তু কে এই জেনিফার বারেত্তো? সুন্দরী প্রতিযোগিতার চেনা গণ্ডির বাইরে থেকে আসা এই নারীর জীবন ও পথচলায় রয়েছে অনুপ্রেরণামূলক নানা চমক। 

পরিবার ও মাতৃত্বের গল্প 

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জেতা জেনিফার বারেত্তো একজন বিবাহিত নারী এবং তার সাত বছর বয়সি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপে। তিনি যখন জাতীয় পর্যায়ের  শিরোপা জেতেন তখনও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে পেনেলোপে তার পাশেই ছিলেন। 

২০২৪ সালে জেনিফার কোলনের পর তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতা দ্বিতীয় মা। জেনিফার প্রমাণ করতে চান যে মাতৃত্ব ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্যের পথে কোনো বাধা নয়।

মডেলিংয়ের অভিজ্ঞতা ছাড়াই বিশ্বমঞ্চে 

অন্যদিকে, সুন্দরী প্রতিযোগিতায়ও আগে কখনো অংশ নেননি জেনিফার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার রানওয়েতে হাঁটেন তিনি—জাতীয় মুকুট জেতার মাত্র চার মাস আগে। 

‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতেন। হঠাৎ এই প্রতিযোগিতায় আসার কারণ হিসেবে পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে তিনি জানান, নতুন একটি অভিজ্ঞতা নিতেই মূলত অংশ নিয়েছিলেন।

নিজের সম্পর্কে জেনিফার বলেন, তিনি এমন একজন মানুষ যিনি নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন এবং একটি উত্তরাধিকার তৈরি করতে চান। 

এর আগে জাতীয় পর্যায়ে জয়ের পর ‘এল ভোসেরো’-কে তিনি বলেছিলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো শুরু করার সময় যে নারী ছিলাম, এখন আর আমি সেই নারী নই।’ চলতি বছর আয়োজক দেশ হওয়ায় জাতীয় বিজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও পালন করেছেন সামাজিক মাধ্যমে ‘লা বারেত্তো’ নামে পরিচিত এই তরুণী। 

স্বেচ্ছাসেবা ও শিকড়ের টান 

মনোবিজ্ঞানী হিসেবে জেনিফারের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা—বিশেষ করে নারী ও পরিবারের মানসিক সুস্থতা নিয়ে কথা বলা। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন তিনি। 

ইসাবেলায় নানা-দাদার কাছে বড় হওয়া জেনিফারের শিকড়ে রয়েছে সেবার মানসিকতা, ভলিবলের প্রতি আগ্রহ এবং মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স দেখার স্মৃতি। জাতীয় প্রতিযোগিতায় নামার আগে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন তিনি, আর তার জাতীয় পোশাক তৈরি হয়েছিল ‘মোরিভিভি’ উদ্ভিদের অনুপ্রেরণায়।

মিস ইউনিভার্স ২০২৬-এ জেনিফারের এই জয়ে পুয়ের্তো রিকোর আগের পাঁচ বিশ্বজয়ী—মারিসল মালারেট (১৯৭০), ডেবোরাহ কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইন্যান্স (২০০১) এবং জুলিয়েকা রিভেরা (২০০৬)-এর পাশে যুক্ত হলো আরেকটি গৌরবময় নাম। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

আরও পড়ুন

ঘরে ৭ বছরের সন্তান, কখনো করেননি মডেলিং, স্বেচ্ছাসেবীর কাজ করা কে এই জেনিফার?

ঘরে ৭ বছরের সন্তান, কখনো করেননি মডেলিং, স্বেচ্ছাসেবীর কাজ করা কে এই জেনিফার?

মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম