মহরত অনুষ্ঠানে বক্তব্য দেন রফিক শিকদার
|
ফলো করুন |
|
|---|---|
বসন্ত বিকেল নামে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প নিয়ে সুস্থধারার বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তরুণ পরিচালক রফিক শিকদার।
একইসঙ্গে এই সিনেমার গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকারের ভূমিকায়ও রয়েছেন তিনি।
শনিবার বিএফডিসির ক্যান্টিন চত্বরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানালেন নির্মাতা।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি তরুণ পরিচালক রফিক শিকদারকে ধন্যবাদ জানান।
একইসঙ্গে বসন্ত বিকেল সিনেমার মধ্য দিয়ে মানুষ আবার হলমুখি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামসুল হক টুকু।
ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শিপন মিত্র, তানভীন তনু ও নবাগতা সুবহা।
সিনেমাটির গল্পের পটভূমি বিষয়ে পরিচালক রফিক শিকদার জানান, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে চলচ্চিত্রের কাহিনী নির্মিত হয়েছে। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী। পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে।
সিনেমার বিষয়ে রফিক শিকদার আরও জানান, বসন্ত বিকেল সিনেমাটি শুধুমাত্র দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনের জন্য তিনি এটি নির্মাণ করবেন। এমনকি আন্তর্জাতিক সিনেমার পুরস্কার অর্জনের জন্যও তিনি এটি জমা দেবেন।
সব শেষে বসন্ত বিকেল সিনেমার মহরত উপলক্ষে কেক কাটেন শামসুল হক টুকুসহ অন্যান্য অতিথিরা।
