Logo
Logo
×

Advertisement

পরবাস

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

Advertisement

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

Advertisement

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের উপকূলীয় সৈকতগুলোতে হাজার হাজার লেডিবার্ড (এক জাতের ছোট রঙিন গুবরে পোকা) ভেসে আসার এক বিরল ও রহস্যজনক দৃশ্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছে।

বিশেষ করে কেপটাউনের স্ট্র্যান্ড সৈকতে জোয়ারের পানির সীমারেখাজুড়ে লাল ও কালোর মিশ্র রঙের এসব লেডিবার্ডের দীর্ঘ সারি পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া গর্ডনস বে, ল্যামবার্টস বে ও উডব্রিজ আইল্যান্ড এলাকাতেও সৈকতের বালুতে বিপুলসংখ্যক লেডিবার্ডের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সৈকতে ভেসে আসা এ পতঙ্গগুলোর ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পতঙ্গবিদ ও বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও তীব্র বাতাসের গতির কারণেই এমনটি ঘটতে পারে। বৃষ্টির পর লতাপাতায় ক্ষতিকর জাবপোকাসহ (এফিড) ক্ষুদ্র উদ্ভিজ্জ পোকার সংখ্যা বাড়ে, যা লেডিবার্ডের প্রধান খাদ্য। ফলে লেডিবার্ডের প্রজনন ও বংশবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে আবহাওয়া হঠাৎ গরম ও শুষ্ক হয়ে উঠলে খাদ্য ও অনুকূল বাসস্থানের সন্ধানে পতঙ্গগুলো ঝাঁক বেঁধে উড়তে শুরু করে।

বিশেষজ্ঞরা আরও মনে করছেন, ওড়ার সময় হঠাৎ শক্তিশালী সামুদ্রিক বাতাসে পথভ্রষ্ট হয়ে পতঙ্গগুলো সমুদ্রের পানিতে আছড়ে পড়তে পারে। পরে জোয়ারের ঢেউ ও স্রোতের তোড়ে সেগুলোর একটি বড় অংশ সৈকতে ভেসে আসে। তবে এ ঘটনার সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ নিশ্চিত হতে আরও বিশদ পরিবেশগত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

এদিকে স্ট্র্যান্ড এলাকা থেকে সংগৃহীত নমুনায় বেশ কয়েকটি স্থানীয় প্রজাতির লেডিবার্ড শনাক্ত হলেও ক্ষতিকর হিসেবে পরিচিত আগ্রাসী ‘এশীয় হারলেকুইন’ প্রজাতির কোনো লেডিবার্ড সেখানে মেলেনি বলে নিশ্চিত করেছেন গবেষকরা।

সাধারণত লেডিবার্ড ফসলের ক্ষতিকারক জাবপোকা খেয়ে কৃষিতে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উপকারী বন্ধু পোকা হিসেবে ভূমিকা রাখে। তাই ওয়েস্টার্ন কেপের সৈকতে এদের এমন ব্যাপক উপস্থিতি অস্বাভাবিক ও বিস্ময়কর হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম