মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে তিনি ২০২৬ সালের স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন।
অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকা থেকে বিশেষভাবে ভাড়া করা উড়োজাহাজে মালয়েশিয়ায় পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার উদ্যোগে তার এই বিশেষ যাত্রার ব্যবস্থা করা হয়। ২০২০ সাল থেকে তিনি আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করছেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অধ্যাপক ইউনূস ক্রমবর্ধমান আর্থসামাজিক সংকট মোকাবিলা এবং সমাজে বৈষম্য কমাতে সামাজিক ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ব্যবসা বিশ্বকে এগিয়ে যাওয়ার নতুন পথ দেখাতে পারে।
স্নাতকদের উদ্দেশে তিনি সম্পদের কেন্দ্রীভবনমুক্ত সমাজ, বেকারত্বমুক্ত বিশ্ব এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। এ লক্ষ্য বাস্তবায়নে ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উদ্যোক্তা তৈরিতে সাহসী ও উদ্ভাবনী নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা স্নাতকদের টেকসই পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ড. ইউনূসের আচার্যত্বকালে বিশ্ববিদ্যালয়টি তার প্রস্তাবিত ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের বিশ্বের ধারণাকে শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। এই ধারণার মূল লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রমেও সামাজিক ব্যবসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়ন ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বে সামাজিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
মালয়েশিয়ায় সমাবর্তন অনুষ্ঠান শেষে মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।
