Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিদেশি কর্মীর সংখ্যা ১০ শতাংশে নামাতে চায় মালয়েশিয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

বিদেশি কর্মীর সংখ্যা ১০ শতাংশে নামাতে চায় মালয়েশিয়া

ছিবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ায় বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমানোর বড় পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০৩০ সালের মধ্যে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের আগেই বিদেশি কর্মীদের অপরাধের ইতিহাস যাচাইয়ের ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে সরকারের এসব পরিকল্পনার কথা জানান।

উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের অতীত অপরাধের তথ্য যাচাই করা হয়। এ জন্য জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থা চালু রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

তিনি বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সরকার অবগত। মালয়েশিয়ায় কাজ করতে আসা বিদেশি কর্মীদের পাশাপাশি তাদের নিয়োগকর্তাদেরও দেশটির আইন ও নির্ধারিত বিধিবিধান মেনে চলতে হবে। এ ধরনের ঘটনা কমাতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।


সম্প্রতি একটি হামলায় এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ১৫ বছর বয়সী এক কিশোর বিদেশি নাগরিকের হামলার শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সংসদে প্রশ্ন ওঠে। বিদেশি কর্মীদের মালয়েশিয়ার আইন ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন করতে সরকারের পদক্ষেপ কী, তা জানতে চেয়েছিলেন পিএন-পাদাং তেরাপের সংসদ সদস্য নুরুল আমিন হামিদ। তাঁর সম্পূরক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এসব তথ্য জানান।

বিদেশি কর্মী নিয়োগে কমছে সীমা

বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনার বিষয়ে পিএইচ-সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিনের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, ২০২৬ সালে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

এ লক্ষ্যে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমাও কমানো হচ্ছে। ২০২৬ সালে ২২ লাখ ৪৮ হাজার বিদেশি কর্মী নিয়োগের যে সীমা রয়েছে, ২০৩০ সালে তা কমিয়ে ১৭ লাখ ৮৮ হাজারে আনার পরিকল্পনা করেছে সরকার।

উপমন্ত্রী জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের তথ্যভান্ডার মাইআইএমএমএসে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের জন্য নির্ধারিত নিয়োগসীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।

তিনি আরও জানান, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতের জন্য আলাদা শতকরা হার নির্ধারণের পদ্ধতি বাতিল করেছে সরকার। এখন থেকে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় নির্ধারিত বার্ষিক নিয়োগসীমা অনুসরণ করে কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিদেশি কর্মী নিয়োগে কঠোর শর্ত

স্থানীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রেও নতুন শর্ত কার্যকর করা হয়েছে।

উপমন্ত্রী জানান, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার আগে নিয়োগকর্তাদের সরকারি চাকরির পোর্টাল ‘মাইফিউচারজবসে’ অন্তত ১৪ কর্মদিবসের জন্য শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার আওতায় আগাম অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়া যাবে।

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে জোর

বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে মালয়েশিয়া। এ জন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও আধুনিক উৎপাদনব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

পাশাপাশি স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। মানবসম্পদ উন্নয়ন করপোরেশন, সামাজিক নিরাপত্তা সংস্থা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মীদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় কর্মীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা ও তাদের ওপর দেশের নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে চায় মালয়েশিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

আরও পড়ুন

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম