প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস
জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা রাষ্ট্রদূতের
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের অভিজাত হলে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি অতিথিদের স্বাগত জানান। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ফরাসি লেখক ও রাজনীতিবিদ আঁদ্রে মালরোর অবদান স্মরণ করেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, ওই সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাহিনীর আধুনিকায়ন এবং শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
