শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্কুল অবরোধের কারণে টানা আট সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষক, অভিভাবক ও স্কুল প্রশাসনের মধ্যে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হাজারো শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে না পারায় বিপাকে পড়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইতোমধ্যে ১৫০ ঘণ্টা পর্যন্ত পাঠদান থেকে বঞ্চিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ফ্রান্সের বিভিন্ন এলাকায় স্কুল ভবনের জরাজীর্ণ অবস্থা সংস্কার, পর্যাপ্ত বিকল্প শিক্ষক নিয়োগ, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে গাদাগাদি করে ক্লাস বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ আন্দোলনে গত দুই মাসে দেশটির শত শত মাধ্যমিক বিদ্যালয়ে আবর্জনার বড় পাত্র দিয়ে প্রবেশপথ আটকে দেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক স্কুল বন্ধও রাখতে হয়েছে।
আন্দোলনকারীদের একজন ১৬ বছর বয়সী অ্যালেক্স। প্যারিসের উত্তরের একটি উপশহর থেকে প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে প্রায় দেড় ঘণ্টা হেঁটে ভিনসেনের একটি স্কুলের সামনে যায় সে। সেখানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের প্রবেশপথ অবরোধে অংশ নেয়। পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে সঙ্গে রাখে মাস্ক ও সাঁতারের চশমা।
অ্যালেক্সের বাবা-মা আন্দোলনকে সমর্থন করলেও ছেলের দীর্ঘদিনের অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার ভাষ্য, সরকারকে দাবি জানাতে আন্দোলন ছাড়া আর কোনো কার্যকর পথ শিক্ষার্থীদের সামনে নেই।
এদিকে আন্দোলন মোকাবিলায় শুরুতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় সরকার। বিভিন্ন স্কুলের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ব্যবহৃত অস্ত্রে আহত হয়েছে বেশ কয়েকজন কিশোর। কেউ কেউ হাত কিংবা চোখ হারিয়েছে।
পরবর্তী সময়ে সরকার শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া পর্যালোচনার উদ্যোগের কথা জানায়। তবে এসব আশ্বাসের পরও আন্দোলন থামেনি। বরং সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন স্কুলের সামনে আতশবাজি নিক্ষেপ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা বেড়েছে।
একটি স্কুলের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে প্যারিসের উপকণ্ঠের এক স্থানীয় জনপ্রতিনিধি পেট্রলভর্তি বোতলের আঘাতে বুকে আহত হন। নিরাপত্তার আশঙ্কায় একটি স্কুলের প্রধান শিক্ষক বুলেটপ্রুফ জ্যাকেট কিনেছেন বলেও জানিয়েছেন শিক্ষা খাতের এক ইউনিয়ন নেতা।
সরকার ও শিক্ষক সংগঠনগুলোর দাবি, স্কুলের বাইরে ও ভেতরে যারা সহিংসতায় জড়াচ্ছে, তারা শান্তিপূর্ণভাবে শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের একই অংশ নয়।
তবে পরিস্থিতি সামাল দিতে না পারার অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ করেছেন স্কুলের প্রধান শিক্ষকেরা। চলমান বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তারা। অন্তত ৫০ জন প্রধান শিক্ষক পদত্যাগের আবেদন করেছেন। আন্দোলন শুরুর পর থেকে আহত হয়েছে ৩৬০ জনের বেশি শিক্ষার্থী এবং ২৪৫ জন শিক্ষক ও কর্মচারী।
এদিকে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা। ফ্রান্সের গুরুত্বপূর্ণ ব্যাকালোরিয়া পরীক্ষায় অংশ নিতে যাওয়া হাজারো শিক্ষার্থী নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। প্যারিস অঞ্চল ছাড়াও তুলুজসহ বিভিন্ন শহরে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে।
অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ থাকলেও তা নিয়মিত পাঠদানের ঘাটতি পূরণ করতে পারছে না। অনেক শিক্ষার্থী টানা চার থেকে পাঁচ সপ্তাহ ধরে বাড়িতে অবস্থান করছে। পরিস্থিতি সামাল দিতে কিছু অভিভাবক নিজেরাই ভোরে স্কুলের সামনে অবস্থান নিয়ে অবরোধ ঠেকানোর চেষ্টা করছেন। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হচ্ছে।
ট্যুর শহরের লাইসি বালজাক স্কুলের ইতিহাস ও ভূগোলের শিক্ষক জুলিয়েন রয় বলেন, শিক্ষাব্যবস্থায় আস্থার সংকট তৈরি হয়েছে। সহিংসতা কমিয়ে কীভাবে আবার স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফেরা যায়, সে পথ খুঁজে বের করা জরুরি।
তিনি জানান, তার স্কুলেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আতশবাজি নিক্ষেপ, শিক্ষক-কর্মীদের লক্ষ্য করে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানসিক চাপের কারণে তার স্কুলের ১০ জন শিক্ষক-কর্মচারী অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষক ও উপপ্রধান শিক্ষকও আছেন।
জুলিয়েন রয় বলেন, আবার শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের পড়াতে চান তারা। তবে এজন্য শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন। সহিংসতা বন্ধ করে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে হবে।
ক্রেতেই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তিনি গর্বিত। কারণ, তারা এমন কিছু দাবি তুলেছে, যা শিক্ষকরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। শিক্ষকদের আন্দোলনে সরকার গুরুত্ব না দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভে কিছুটা অগ্রগতি এসেছে।

