Logo
Logo
×

Advertisement

সরকার

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। আর তাদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার বড় একটি অংশ এখনো জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। এর সঙ্গে জড়িতদের অনেকে বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন, আর দেশের মানুষকে জ্বালানি সংকটের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে।

বর্তমান সরকারকে একই সঙ্গে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও।

বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে তিনি যে বীজ বপন করেছিলেন, তা দেশের উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছিল। কৃষি, শিল্প, কলকারখানা, প্রবাসী আয়, খাল খনন ও মৎস্যশিল্পসহ বিভিন্ন খাতে তার নেওয়া উদ্যোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আশির দশকে এরশাদ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে খালেদা জিয়া জনগণকে সংগঠিত করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের বিপুল সমর্থন ও আল্লাহর রহমত নিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ ও শাহিনুর রহমান শাহিন, সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ ইসলাম গাছের চারা রোপণ করেন। আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

জ্বালানি তেলের দামে বড় লাফ

জ্বালানি তেলের দামে বড় লাফ

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দামে ফের ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দামে ফের ঊর্ধ্বগতি

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো প্রধানমন্ত্রীর জাপান সফরে তিন লক্ষ্য

প্রধানমন্ত্রীর জাপান সফরে তিন লক্ষ্য

তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন চীনা কোম্পানির প্রস্তাব নিয়ে প্রশ্ন

চীনা কোম্পানির প্রস্তাব নিয়ে প্রশ্ন

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম