ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফারাক্কা চুক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।
নদীর পানির হিস্যা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ থাকবে না। নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
