Logo
Logo
×

Advertisement

সরকার

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

Icon

বাসস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

ফাইল ছবি

Advertisement

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগের ৮ জন বিভাগীয় কমিশনার সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এ ধরনের জাতীয় পর্যায়ের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনব্যাপী কর্ম অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।

এসব ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে।

স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কর্ম অধিবেশনে অংশ নেবেন।

নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনার সুযোগ পাবেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেও সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মাঠ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসবে।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শুরু হবে। এ পর্বে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে।

পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এরপর ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলা পর্যায়ে সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সমস্যা, জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ পাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে এ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হবে। ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং দেশের বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হবে।

প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বাসসকে বলেন, এ সম্মেলনটা মূলত ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন।

একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ও উপজেলা পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে এ ধরনের সম্মেলন মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন আরও গতিশীল করা, প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর

কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

আরও পড়ুন

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম