অপ্রতিমকে নিয়ে আবেগঘন পোস্টটি তার মায়ের নয়
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ভুয়া পেজে ছড়ানো ছবিতে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও তার মা নাহিদা বেগম।
|
ফলো করুন |
|
|---|---|
আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এতে বিভিন্ন রকম ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুগান্তরসহ দেশের বহু গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। তবে অনুসন্ধানে জানা গেছে পেজটি অধ্যাপক ড. নাহিদা বেগমের নয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ড. নাহিদা বেগমের আইডির সঙ্গে মিল রেখে ‘নাহিদা নাহিদ’ নামে ফেসবুক থেকে পোস্ট করা হয়- ‘মা, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী… আজ সেই পৃথিবীটা এত নিঃশব্দ কেন? আমি তো আর তোমার কাছে ফিরব না মা… শুধু আমার জন্য একটু দোয়া করো। আর আমার চলে যাওয়ার সত্যটা যেন চাপা না পড়ে।’

লেখাটা আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা বেগমের নয়।
বিষিয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহামুদুল হাসান বলেন, আইডিটি তার নয়। তার আইডি আপাতত ডিএকটিভ। এটা তার পোস্ট হওয়ার কথা না।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে অপ্রতিম আর ফেরিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর হত্যাকাণ্ডের নানা কারণ উঠে এসেছে। পুলিশ বলছে আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়।
অপ্রতিমের পরিবারের দাবি, শুধু আইফোন ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়নি। মাদকের বিরুদ্ধে অপ্রতিমের মা ডা. নাহিদার কঠোর পদক্ষেপের কারণেই সালমানপুর এলাকার মাদকচক্র তাকে হত্যার নেপথ্যে মদদ জুগিয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর কৌশলে তাকে হত্যা করা হয়েছে।
ঘাতকদের জিজ্ঞাসাবাদ করলে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
