শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন। তারা স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাতার জানত না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে কোনো একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।
এসআই প্রসেন কুমার সানা বলেন, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে সামিয়ার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়।
পরে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুই চাচাতো বোন প্রায় সমবয়সি হওয়ায় তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত এবং পরস্পরের সঙ্গে থাকত। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানা পুলিশ জানায়, স্বজনদের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
