নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু
Advertisement
শরীফ উদ্দিন, আফ্রিকা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ এএম
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় এ পর্যন্ত ৪৬৯টি সন্দেহভাজন ডিপথেরিয়া আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী জোসে এক সংবাদ সম্মেলনে প্লেটো রাজ্যের স্বাস্থ্য কমিশনার ড. নিকোলাস বামলং এ তথ্য জানান।
তিনি বলেন, বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে সন্দেহভাজন রোগী শনাক্ত হলেও আগস্ট থেকে পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। ৪৬৯টি সন্দেহভাজন ঘটনার মধ্যে তিনটি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।
আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা শনাক্ত হয়েছে জোস নর্থ এলাকায়—৩৭০টি। এছাড়া ওয়াসেতে ২৯, জোস সাউথে ২২, বারকিন লাডি ও মাঙ্গুতে ১৬টি করে এবং প্যাঙ্কশিনে পাঁচটি সন্দেহভাজন ঘটনা পাওয়া গেছে।
প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ রোগী শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান, জনসচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে। এরই মধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে।
ডিপথেরিয়া একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শ্বাসতন্ত্রে আক্রান্ত করে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টসহ প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। নিয়মিত টিকাদানের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

